২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“যখনই সাম্প্রদায়িক বিভাজন, তখনই বাঙালি হেরেছে”

বাঙালির যা কিছু মহৎ অর্জন, সেগুলো যে অসাম্প্রদায়িক চেতনায় সকলের সামগ্রিক অংশগ্রহণের ফলেই সম্ভব হয়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে সতর্কবার্তা এলো বিজয় দিবসের এক আলোচনা সভায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2019, 10:58 PM

Updated : 18 Aug 2022, 06:15 PM

একাত্তরের সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবীব বললেন, “যখনই জাতি ধর্মের নামে বিভাজিত হয়েছে, বর্ণের নামে বিভাজিত হয়েছে, সম্প্রদায়ের নামে বিভাজিত হয়েছে, তখনই বাঙালি হেরেছে।”

বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতীয় জাদুঘরে আয়োজিত আলোচনা সভায় তিনি ছিলেন প্রধান বক্তা।

হারুন হাবীব বলেন, “আমাদের যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে- একুশে ফেব্রুয়ারি, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ- সবগুলো ক্ষেত্রেই মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নির্বিশেষে বাংলা ভাষাভাষী তাবৎ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই আমরা সফলতা অর্জন করেছি।”

সমসাময়িক রাজনীতির ‘দুরাবস্থা’ থেকে উত্তরণের জন্য আদর্শিক রাজনীতি এবং বঙ্গবন্ধুর ‘সত্যিকারের সৈনিক’ দরকার মন্তব্য করে এই মুক্তিযোদ্ধা বলেন, “জয় বাংলা ধ্বনি এবং বঙ্গবন্ধুর নাম আমাদের হৃদয় থেকে বলতে হবে, তা না হলে আমরা একটি ঠুনকো সমাজে পরিণত হব।“

একাত্তরের ১৬ ডিসেম্বরের বিজয় মুহূর্তের কথা স্মরণ করে শহীদজায়া শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, “বিজয়ের ঠিক আগের দিনও পাকিস্তানি বাহিনী, যারা আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, এক দিনের ব্যবধানে তারা আমাদের কাছে মাথা নত করেছে, সেই মুহূর্তের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানোর মত না।”

বিজয়ের সেই আনন্দ অন্তরে ধারণ করে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ বলেন, “আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়েছি, তাদের কাছে ‘মুক্তিযোদ্ধা’ খেতাবটি জীবনের সবচেয়ে গৌরবময় অর্জন। একটা জাতির জন্মের ইতিহাসের সাথে আমরা জড়িয়ে আছি, এই গৌরব সব প্রজন্ম পায়নি।”

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, “পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে বেশিরভাগ সময়ে ক্ষমতায় এসেছে স্বাধীনতাবিরোধী ঘাতক দালালরা। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে এবং একটা সাম্প্রদায়িক সংবিধান প্রণয়ন করেছে।”

পাকিস্তানের ‘প্রেতাত্মারা’ এখনও বাংলাদেশকে ‘পাকিস্তান বানানোর চেষ্টায়’ লিপ্ত বলে মন্তব্য করেন শাহরিয়ার কবির।

অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি শামসুজ্জামান খানসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।