বাংলাদেশি নাটক-সিনেমার প্রশংসায় প্রধানমন্ত্রী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশি চলচ্চিত্র ও নাটকের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কর্মব্যস্ততার কারণে তেমন সময় না পেলেও বিদেশ সফরের যাত্রাপথে বিমানে বসে থাকার সময়ে খুঁজে খুঁজে বাংলা চলচ্চিত্র দেখেন বলে জানান প্রধানমন্ত্রী। আর বাসায় একটু অবসর পেলে কোনো কোনো নাটকের অংশবিশেষ দেখার সুযোগ পান তিনি।
এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশে এখনও অনেক ভালো চলচ্চিত্র এবং জীবনস্পর্শী ও শিক্ষনীয় নাটক নির্মাণ হওয়ার কথা বলেন।
তিনি বলেন, “আমি নিজে খুব বেশি সিনেমা দেখার সুযোগ না পেলেও যখন আমি বিদেশে যাই আমি কিন্তু আমাদের বিমানে উঠলে আমি বিমানে বসে সিনেমা দেখি। আমাদের বাংলা বইগুলো খুঁজে খুঁজে আমি দেখি। এবং আমার এত ভালো লাগে এবং এত চমৎকার চমৎকার সিনেমাগুলো করা হয়! সত্যি প্রত্যেকটা বই যখনই যেটা দেখি আমার চমৎকার, খুব ভালো লাগে। খুব চমৎকার লাগে।
নাটক নিয়ে শেখ হাসিনা বলেন, “আসলে এমনি তো সময় পাই না। ফাইল দেখতে দেখতে আর ওই নথি পড়তে পড়তেই দিন কেটে যায়। সেটাই হচ্ছে সমস্যা। তবে মাঝে মাঝে টেলিভিশনে একটু একটু করে নাটক, হয়ত সব দেখতে পাই না। কিছু কিছু দেখি।
“কাজেই আমি সেদিক থেকে বলব, আমাদেরগুলো সব থেকে শ্রেষ্ঠ।”
বাংলাদেশের অভিনয় শিল্পীদেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
“তাহলে আমরা নিজের দেশেও কেন পারব না আরো উন্নত মানের ছবি করে অন্য দেশের মানুষকে আকর্ষণ করতে? আমাদের নিজস্ব যে মেধা যে শক্তি যে মনন সেগুলো দিয়ে আমরা আমাদের মতো করে তৈরি করে আমরা বিশ্ব দরবারে নিজেদের একটা অবস্থান তৈরি করে নিতে পারি। সেদিকে আমাদের আরও বেশি দৃষ্টি দেওয়া দরকার বলে আমি মনে করি।”
তিনি বলেন, “এদিকে যাতে আমাদের ছেলে-মেয়েরা আরও বেশি করে আসে-সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যেন আরও মনোনিবেশ করে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে।”
তরুণদের আকর্ষণে নিজেদেরও যুগোপযোগী হতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
এই খাতকে এগিয়ে নিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ভালোভাবে ট্রেনিং নিতে পারে এবং নিজেদের আরও ভালোভাবে তৈরি করতে পারে- সেদিকে লক্ষ্য রেখে এই ইনস্টিটিউশন তৈরি করা হয়েছে। আমাদের তরুণ নির্মাতারা আধুনিক চলচ্চিত্র নির্মাণ কৌশল সম্পর্কে অবহিত হয়ে নিজেদের প্রতিভাকে আরও বিকশিত করতে পারবে।”
তিনি বলেন, “সমাজ সংস্কার বা সমাজের ভালো দিকগুলো তুলে ধরা এবং মানুষের মাঝে গভীর দাগ কাটতে পারে, মানুষকে আরও সুন্দর পথে চলার প্রেরণা দিতে পারে এই চলচ্চিত্র। কাজেই আমি মনে করি, জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র যত বেশি নির্মাণ করা যাবে আমাদের সমাজের জন্য সেটা ততো বেশি মঙ্গলজনক হবে।”
তিনি বলেন, “বর্তমান যুগে এই যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি আমাদের সমাজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। শুধুমাত্র আইনগত অভিযান দিয়েই কিন্তু সমাজকে এর থেকে রক্ষা করা যাবে না। এর জন্য দরকার মানুষের ভেতরের চেতনাটাকে আরও উদ্ভাসিত করা। এর খারাপ দিকটা তুলে ধরা আর ভালো থাকলে সেই ভালো দিকটা মানুষের সামনে উপস্থাপন করা।
“চলচ্চিত্র এখানে বিরাট একটা ভূমিকা রাখতে পারে। কাজেই সেদিকে আপনারা আরও বেশি নজর দেবেন, সেটাই আমরা চাই। কারণ প্রত্যেকটা ঘটনা বা কাহিনী যখন তৈরি হবে সেটা যেন জীবনভিত্তিক হয়। জীবনের বৈচিত্র্য যেন তুলে ধরে। মানুষের ভেতর যেন ভালো মননগুলো সেগুলো যেন বিকশিত হতে পারে। সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে।”
তিনি বলেন, “জাতির পিতাকে হত্যার পর আমরা শুধু আর্থ-সামাজিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছি তা না। আমাদের ইতিহাস যেমন বিকৃত করা হয়েছিল আবার আমাদের সাংস্কৃতিক জগতেও অপসংস্কৃতির প্রচলনটা খুব বেশি দেখতে পেলাম। এমনকি এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে পরিবার-পরিজন, ছেলে-মেয়ে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার পরিবেশটা ছিল না। যা সমাজের ওপর একটা বিরাট আঘাত হয়ে এসেছিল।”
ধীরে ধীরে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য চলচ্চিত্র শিল্পী, কলাকুশলীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দেশের বিভিন্ন জেলায় বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু করতে হল মালিকদের সাথে আলোচনার কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
“আমাদের মফস্বলের সিনেমা হলগুলো যেন ভালোভাবে চলতে পারে এবং ডিজিটালাইজড যাতে হয়, সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে অর্থাৎ আধুনিক যুগের সাথে যেন তাল মিলিয়ে তারা চলতে পারে। এই ক্ষেত্রে যা যা সহযোগিতা দরকার সেটা আমরা করতে পারব।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
