খাবার কি নিরাপদ, যাচাই করবে ‘ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার’
ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে খাবার নিরাপদ না অনিরাপদ তা পরীক্ষা করতে যাত্রা শুরু করল ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই পরীক্ষাগারের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, “ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে এবং খাবার নিরাপদ বা অনিরাপদ কি না তা পরীক্ষা করবে। এছাড়া দূষণ ও ভেজালের বিভিন্ন উৎস সম্পর্কিত ভিডিও প্রদর্শন এবং কীভাবে খাদ্য নিরাপদ রাখা যায় তা প্রদর্শন করবে।”
খাদ্যমন্ত্রী বলেন, “শহরের সকল স্তরের মানুষকে সচেতন করার জন্য এটি একটি দুর্দান্ত পদক্ষেপ এবং বাংলাদেশের জন্য এটি একটি মাইলস্টোন; একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।”
মাঠ পর্যায় থেকে ভোক্তার পাত পর্যন্ত খাদ্যশৃঙ্খলের প্রতিটি পর্যায়ে কাজ করার আহ্বান জানিয়ে সাধন মজুমদার বলেন, খাদ্য ব্যবসায়ী, সরকার, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ, এনজিও, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, পরীক্ষাগার, বেসরকারি ও সরকারসহ সবাইকে একযোগে কাজ করতে হবে, ভেজালের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সারোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ, এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন, ইউএসএআইডি’র প্রতিনিধি ওসাগিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
