২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ডিসেম্বর থেকে রেল সেবা সপ্তাহ

রেলপথ মন্ত্রণালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার থেকে রেলওয়ে সেবা সপ্তাহ পালন করবে রেলপথ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2019, 10:52 PM

Updated : 18 Aug 2022, 06:11 PM

এ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে সোমবার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এর অংশ হিসেবে মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের নিয়ে ১০টি টাস্কফোর্স গঠন করা হবে। ৪ থেকে ১১ ডিসেম্বর টাস্কফোর্সের সদস্যরা রেলের সেবার মান পর্যবেক্ষণ ও তদারক করবেন।

ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্মের পরিবেশ, ওভার ব্রিজের অবস্থা, চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের ব্যবস্থা, যাত্রীদের সঙ্গে রেলকর্মীদের আচরণ পর্যবেক্ষণ করবেন টাস্কফোর্সের সদস্যরা।

সেবা সপ্তাহ উপলক্ষে রেলওয়ে হাসপাতাল সংলগ্ন স্টেশনগুলোতে যাত্রীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। যাত্রীরা রক্তচাপ ও ডায়বেটিকস পরীক্ষা করাতে পারবেন।

টাস্কফোর্সের কর্মকর্তারা টিকেট কালোবাজারি রোধে পদক্ষেপ নেবেন এবং বিনা দুর্ভোগে টিকিট প্রাপ্তি নিশ্চিত করার ব্যবস্থা নেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেবা সপ্তাহ উপলক্ষে অংশীজনদের নিয়ে রেলভবনে একটি আলোচনা সভারও আয়োজন করেছে রেলপথ মন্ত্রণালয়।