তরুণীর আত্মহত্যা: প্ররোচনার মামলায় শ্বশুর-শাশুড়ি কারাগারে
রাজধানীর ধানমণ্ডিতে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলায় তার শ্বশুর-শাশুড়িকে কারাগারে পাঠিয়েছে আদালত।
দিরামনি আকতার মিতা নূর নামের ১৯ বছর বয়সী ওই তরুণীর স্বামী আদনান আব্দুল্লাহ তামিম বলছেন, তার বাবা কাস্টমস কর্মকর্তা এবিএম কাফি এবং মা সুরাইয়া বেগমের মানসিক নির্যাতনেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে তার স্ত্রী।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ধানমণ্ডির ৮/এ রোডের একটি বাসার বাথরুম থেকে মিতা নূরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ খবর পেয়ে ওই রাতেই লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ জানান।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ধানমণ্ডি মডেল থানায় মামলা করেন মিতা নূরের বাবা আব্দুল মতিন।
পরে সোমবার পুলিশ মিতা নূরের শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
ইটবালুর ঠিকাদার আব্দুল মতিন সাংবাদিকদের জানান, দেড় বছর আগে পারিবারিকভাবে তার মেয়ের সঙ্গে তামিমের বিয়ে হয়।
মাদ্রাসায় পড়ালেখা করা মিতা নূর আলিম পাস করেছিলেন। আর তামিম একটি বেরসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন। সাড়ে তিন মাস বয়সী একটি ছেলে রয়েছে তাদের।
মতিন বলেন, “আর্থিক দিক থেকে আমরা তাদের চেয়ে একটু দুর্বল। এ বিষয়টি নিয়ে আমার মেয়েকে নানাভাবে খোটা দিত। ‘ছোটলোকের বাচ্চা' বলে গালি দিল, মারধরও করত।”
রোববার সন্ধ্যায় মিতা নূর ফোন করে অসুস্থতার কথা জানান। পরে ওই বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পাওয়ার কথা জানান তার বাবা।
মতিনের অভিযোগ, শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
তামিমের পরিবার বলছে, রোববার রাত ৯টার দিকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেকে ঘরে রেখে টয়লেটে যান মিতা নূর। অনেকক্ষণ পরও বের না হওয়ায় দরজা ভেঙে ভেতরে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
তার স্বামী তামিম সাংবাদিকদের বলেন, তার বাবা-মা প্রায়ই তার স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
“আমার মা সবসময় ওকে নির্যাতন করত। নানাভাবে অত্যাচার করত। আমি বাসায় থাকতাম না। তবে শুনতাম যে তারা অত্যাচার করত। ওর পরিবার নিম্নবিত্ত ছিল। বিয়ের পর থেকেই আমার বাবা-মা খারাপ ব্যবহার করত।”
