বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ‘ডোপ টেস্ট’ চালুর সুপারিশ
তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চূড়ান্ত পরীক্ষার আগে ‘ডোপ টেস্ট’ চালুর সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তা চালুর প্রেক্ষাপটে রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং শিক্ষিত ও সুস্থ্ জাতি উপহার দিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তির পূর্বে এবং চূড়ান্ত পরীক্ষার পূর্বে কমিটি ডোপ টেস্ট সিস্টেম চালু করার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।“
কমিটির আমন্ত্রণে বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী মাদকাসক্ত কি না, তা পরীক্ষা করেই এবার ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি করানোর উদ্যোগ নেয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা যাতে কোনোভাবেই কোনো অপরাধে সম্পৃক্ত হতে না পারে সে বিষয়গুলো মনিটর করতে সংশ্লিষ্ট সকলকে তৎপর থাকার সুপারিশ করা হয়।”
এছাড়া বিভিন্ন কারণে যেসব অপরাধী আত্মসমর্পণ করেছে তাদের কার্যক্রম মনিটর করার সুপারিশ করে সংসদীয় কমিটি।
বৈঠকে বলা হয়, বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযান কার্যক্রম পরিচালনার সুবিধার্থে শূন্য লাইন হতে এক কিলোমিটারের বাইরে বিদ্যমান ১২৬টি বর্ডার আউট পোস্ট (বিওপি) সীমান্তের কাছাকাছি স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে ।
ওই বিওপিগুলো স্থানান্তরের ফলে পরিত্যক্ত ঠাকুরগাঁও, সুনামগঞ্জ , কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্ত এলাকায় চারটি পরিত্যক্ত বিওপিকে স্থায়ী কমিটির সুপারিশের আলোকে ‘বঙ্গবন্ধু শিক্ষা নিকেতনে’ রূপান্তরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
এছাড়াও সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের বেকারত্ব দূর, চোরাচালান রোধ ও সীমান্ত অপরাধ থেকে মুক্ত রেখে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে ‘আলোকিত সীমান্ত’ প্রকল্প চালু করে ৫০ জন নাগরিককে স্বাবলম্বী করার পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।
বৈঠকে পুলিশ বিভাগের সাইবার ক্রাইম ইউনিটকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা অর্জনের পাশাপাশি অত্যাধুনিক সাইবার যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে এ ইউনিটকে আরো কার্যকরী করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে কারা অধিদপ্তর, পুলিশ হাসপাতাল, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজনীয় ডাক্তার নিয়োগ এবং তাদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয় নিয়ে একটি নীতিমালা প্রণয়ণের সুপারিশ করে এবং কারাগারে মেডিকেল ইউনিট খোলার সুপারিশ করে।
বৈঠকে ফায়ার সার্ভিসকে আরো কার্যকরী করতে একটি অত্যাধুনিক ফায়ার সার্ভিস ট্রেনিং একাডেমি নির্মাণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আফছারুল আমীন, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।
