২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার নিকুঞ্জ থেকে ‘আনসারুল্লাহর ৪ জঙ্গি’ গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2019, 01:57 PM

Updated : 08 Apr 2022, 05:07 PM

র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, শনিবার রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মাসুম মিয়া (৩০), আবু বকর সিদ্দিক ওরফে ইমরান (১৯), রাকিবুল হাসান সিয়াম (১৮) ও আব্দুল্লাহ আল নোমান (২২)।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ‘সক্রিয় সদস্য’ বলে স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, মাসুমের বাড়ি কুমিল্লায়। তিনি বর্তমানে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।

সাজেদুল বলেন, “ফেইসবুকের মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ স্থানীয় নেতার অনুসারী আমির হোসেনের (বর্তমানে গ্রেপ্তার) এর মাধ্যমে সে জঙ্গি সংগঠনে জড়িত হয়।

“পরবর্তীতে অনলাইনে বিভিন্ন জঙ্গিবাদী আইডি থেকে জঙ্গি সংক্রান্ত পোস্ট ডাউনলোড করে এবং বিভিন্ন জঙ্গির সাথে পরিচিত হয়। সে জঙ্গি সংগঠনে বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা প্রদান করে আসছে এবং  প্রায় তিন বছর যাবত এই সংগঠনের সাথে জড়িত রয়েছে।”

মাদ্রাসার ফাজিলের ছাত্র ইমরান দুই বছর ধরে আনসারুল্লাহ বাংলা টিমে জড়িত বলে র‌্যাবের ভাষ্য।

রাকিবুল মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনিও দুই বছর ধরে এই সংগঠনে যুক্ত বলে র‌্যাবের ভাষ্য।

রোমান ছদ্মনাম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন বলে র‌্যাব কর্মকর্তা সাজেদুল জানান।

আনসারুল্লাহ বাংলাটিম দলটি সেনাবাহিনীর বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল ইসলামের নেতৃত্বে গড়ে ওঠে। কয়েকটি জঙ্গি হামলার মামলার আসামি জিয়া পলাতক রয়েছেন।