স্বামীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু
রাজধানীর কুড়িলে স্বামীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় ছাত্রী কানিজ ফাতেমা টুম্পা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত টুম্পা (২৪) বরিশাল বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া গ্রামের শাহ আলমের মেয়ে। ঢাকার শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারে পড়ছিলেন তিনি।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে স্বামী সাফখাত হোসেন রবিনের ছুরিকাঘাতে আহত হলে টুম্পাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টায় টুম্পা মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।
এ ঘটনায় রবিনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে জানিয়ে টুম্পার চাচা শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় দুই মাস আগে তারা নিজেদের পছন্দে বিয়ে করে। রবিন ছিল মাদকাসক্ত। এ নিয়ে বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়।”
কুড়িল চৌরাস্তা এলাকায় কাছাকাছি এলাকাতেই দুই পরিবারের বাসা জানিয়ে শহিদুল বলেন, টুম্পা বিয়ের পর রবিনকে মাদক ছাড়ানোর চেষ্টা করছিল। মাদক না ছাড়লে তালাক দেবে বলেও হুমকি দিয়েছিল।
“গত বুধবার বাবার বাসা থেকে টুম্পা রবিনের বাসায় যায়। সেখানে তাকে অত্যাচার করে রবিন। ওইদিনই ছোট বোনকে ফোন করেছিল টুম্পা। কিন্তু ছোট বোন রাগ দেখিয়ে আর ফোন ধরেনি।
“বৃহস্পতিবার টুম্পার মা আর খালা মেয়ের বাসায় গিয়ে তাকে অসুস্থ অবস্থায় পায়। সেখান থেকে তাকে নিয়ে আসতে গেলে রবিন বাধা দেয়। কিন্তু টুম্পাও থাকতে রাজি হচ্ছিল না। এক পর্যায়ে পেছন থেকে তার কোমরে ছুরি মারে রবিন।”
শহিদুল বলেন, আহত টুম্পাকে ১২ ব্যাগ রক্ত দেওয়ার পরও বাঁচানো যায়নি। পরে ভাটারা থানায় এ বিষয়ে মামলা করেন তারা।
ভাটারা থানার ওসি মোক্তাররজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা রবিনকে গ্রেপ্তারের চেষ্টা করছেন।
