ঢাবির ৫ শিক্ষককে অব্যাহতি
ছুটি শেষে চাকরিতে যোগ না দেওয়ায় বিদেশে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।
গত বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার উদ্দীন আহমেদ, ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল কবির, অ্যাকাউন্টটিং ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা জাহান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. সোহেল শামসুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আয়েশা জামান।
উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই শিক্ষকরা সবাই বিভিন্ন সময় শিক্ষা ছুটি নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে গেছেন। ছুটি শেষে তাদেরকে বারবার নোটিস দিলেও কেউ বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি।”
