ক্লাসে ফিরতে প্ল্যাকার্ড হাতে ঢাবি শিক্ষকের ধর্না
উচ্চ আদালতের আদেশের পরও ক্লাসে ফিরতে না দেওয়ায় বিভাগীয় প্রধানের কার্যালয়ের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন ‘বাধ্যতামূলক ছুটিতে’ পাঠানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রুশাদ ফরিদী।
অর্থনীতি বিভাগের এই সহকারী অধ্যাপক বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিক উজ জামানের কক্ষের সামনে অবস্থান নেন। তার সঙ্গে যোগ দিয়েছেন অন্য বিভাগের কয়েকজন শিক্ষার্থীও।
ড. রুশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের রায়ের পরও বিভাগে যোগদান করতে দেওয়া হচ্ছে না। রায়ের পূর্ণাঙ্গ কপির অজুহাত দেওয়া হচ্ছে।
“যেহেতু রায় হয়ে গেছে, তারা ইচ্ছা করলেই তার আমাকে কাজ করতে দিতে পারে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের আইনে বাধ্যতামূলক ছুটি ৯০ দিনের বেশি হয় না। সেক্ষেত্রে আমার অনেকদিন হয়ে গেছে।’’
বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি চিঠি দিয়েছেন বলেও জানান।
এ বিষয়ে আলোচনার জন্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিক উজ জামান শিক্ষকদের নিয়ে বৈঠক করছেন।
আগের দিন তিনি সাংবাদিকদের বলেন, মামলাটি চলছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, বিভাগের সঙ্গে নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তাকে ক্লাসে ফেরানোর ক্ষমতা নেই।
“মামলার রায়ের কোন কাগজ আমরা এখনো হাতে পাইনি। মামলার রায় হয়েছে দাবি করে তিনি (রুশাদ) একটি প্রত্যয়ন পত্র ও পত্রিকার একটি নিউজ অফিস বরাবর জমা দিয়েছেন। কিন্তু আমরাই কাগজ গ্রহণ করিনি। কারণ এটিতো মামলার রায় নয়। আর যদি কোনো কাগজ গ্রহণ করতে হয় তাহলে গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়।”
জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ আদালতের আদেশটি পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
“বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ার ব্যাপার, তাই ইচ্ছা করলেই যে কোনো কিছু করতে পারব না। উচ্চ আদালতের আদেশ অনুযায়ী, আমরা সকল কর্মপ্রয়াস আমরা গ্রহণ করব।”
বিভাগের সহকর্মীদের সঙ্গে ‘দুর্ব্যবহার ও অশিক্ষকসুলভ আচারণের’ অভিযোগে রুশাদকে ২০১৭ সালের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
রুশাদ ফরিদীর রিট আবেদনে সাড়া দিয়ে গত ২৫ অগাস্ট হাই কোর্ট সিন্ডিকেটের দেওয়া ছুটির আদেশ অবৈধ ঘোষণা করে; একইসঙ্গে তাকে কাজে যোগদানের নির্দেশ দেয়।
কিন্তু সহকর্মী শিক্ষকদের ‘সদিচ্ছার অভাব ও অসহযোগিতার’ কারণেই ক্লাসে ফিরতে পারছেন না বলে এই শিক্ষক মনে করছেন ।
ক্লাসের ফেরার আকুতি জানিয়ে ‘আমি শিক্ষক আমাকে ক্লাসে ফিরে যেতে দিন’ প্ল্যাকার্ড হাতে মঙ্গলবার ও বুধবার দুপুরেও বিভাগের চেয়ারম্যানের অফিসের সামনে দাঁড়িয়েছিলেন এই শিক্ষক। নিজের ফেইসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে লিখেছেন তিনি; ঘোষণা দিয়েছেন ক্লাসে ফিরতে না দেওয়া পর্যন্ত তার এই কর্মসূচি চলবে।
এই শিক্ষক বলছেন, উচ্চ আদালতের আদেশের পর বিভাগে যোগদানের কাগজপত্র জমা দিতে গেলেও সেই কাগজপত্র বিভাগের চেয়ারম্যান বা অফিসের কেউ গ্রহণ করছেন না।
