হলি আর্টিজান মামলার রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ
হলি আর্টিজান মামলার রায়ে নব্য জেএমবির সাত জঙ্গির সর্বোচ্চ সাজার আদেশ আসায় আসায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু।
বুধবার রায়ের পর ঢাকা মহানগর দায়রা আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট। একজনের খালাসের বিষয়ে আমরা পর্যালোচনা করে যদি মনে করি, আপিল করা যাবে।”
তিন বছর আগে ঢাকার কূটনীতিকপাড়া গুলশানে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলায় ২২ জনকে হত্যার দায়ে নব্য জেএমবির সাত সদস্যের ফাঁসির রায় দিয়েছে আদালত।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান বুধবার জনাকীর্ণ আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন এ সময় কাঠগড়াতেই উপস্থিত ছিলেন।
অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলায় আরেক আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে রায়ে।
আবদুল্লাহ আবু বলেন, “আইএসের বরাত দিয়ে তারা হামলার দায় স্বীকার করেছে, কিন্তু এদেশে আইএসের অস্তিত্ব আছে, সেটা তদন্তে আসে নাই। এখানে যারা বিক্ষিপ্তভাবে জঙ্গি আছে, তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
