যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু
আকস্মিক ধর্মঘট শুরুর কয়েক ঘণ্টার মাথায় যাত্রাবাহী নৌযান চালানোর ঘোষণা এসেছে।
নৌ-যান শ্রমিক লীগের সভাপতি ওমর ফারুক বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রম মন্ত্রণালয় পক্ষ থেকে আশ্বাস ও চরমোনাই পীর সাহেবের মাহফিলের কথা বিবেচনায় যাত্রীবাহী নৌযানের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
“তবে মালবাহী নৌযানে কর্মবিরতি চলবে।”
শ্রমিক লীগের এই ঘোষণার পর দুপুর দেড়টায় চাঁদপুরগামী এমভি ময়ূর-৭ লঞ্চ সদরঘাট ছেড়ে যায়।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. সেলিম জানিয়েছেন যাত্রাবাহী লঞ্চের কর্মবিরতি প্রত্যাহারের পর সদরঘাটে লঞ্চ ভিড়তে শুরু করেছে।
জাতীয় শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক লীগের ডাকা আকস্মিক ধর্মঘটে সকালে সদরঘাট থেকে দক্ষিণ জনপদের সব গন্তব্যে লঞ্চ চলা বন্ধ হয়ে যায়।
সকাল ৮টার দিকে গ্রিনলাইনের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর আর কোনো লঞ্চ ছাড়েনি।
জাতীয় শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক লীগের এই কর্মবিরতি ১৫ দফা দাবিতে।
নদী খনন, পাইপ লাইনের বদলে নৌযানে জ্বালানি তেল সরবরাহ, মাস্টার/ড্রাইভারশিপ পরীক্ষায় দুর্নীতি ও সনদ উত্তোলনে হয়রানি বন্ধ করা, মার্চেন্ট শিপের অনভিজ্ঞ সনদধারীদের অভ্যান্তরীণ নৌ-পথে নিয়োগ বন্ধ করা, শ্রমিকদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন, ওভারলোড নিষিদ্ধ করা, পর্যাপ্ত মুরিং বয়ার ব্যবস্থা করা, নৌ শ্রমিকদের ছুটি, বিশ্রাগার ও চিকিৎসার ব্যবস্থা করার দাবি রয়েছে এর মধ্যে।
নৌ-যান শ্রমিক লীগের সভাপতি ওমর ফারুক জানিয়েছেন, এসব দাবি-দাওয়া নিয়ে বিকাল ৫টায় শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক রয়েছে।
