২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সাজে ফিরেছে বাসাবো মাঠ

সংস্কারের পর নতুন চেহারায় ফিরেছে বাসাবোর বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্ক; যেটি স্থানীয়ভাবে বাসাবো খেলার মাঠ হিসেবেও পরিচিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 10:20 PM

Updated : 08 Apr 2022, 05:06 PM

আধুনিকায়নের পর মঙ্গলবার পার্কটি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-  ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র খোকন বলেন, “ঢাকা দক্ষিণ উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া নতুন নগরী। দক্ষিণ ঢাকাকে এমনভাবে গড়ে তোলা হবে যেন অভিজাত এলাকার মানুষ এখানে চা-কফি খেতে আসেন।

“এই ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আপনাদের সমর্থন, সহযোগিতা ও দোয়া চাই।”

উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, প্রধান প্রকৌশলী রেজাউল করিম।

বিভিন্ন এলাকার মাঠ ও পার্কগুলো এক সময় অবৈধ দখলে ছিল যেখানে নানা অপরাধমূলক কার্যকলাপ ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছিল।

মেয়র খোকন বলেন, “এসব জায়গার পাশ দিয়ে চলতে নারীরা নিরাপত্তাহীন বোধ করতেন। দায়িত্ব নিয়ে এসব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে সবার ব্যবহার উপযোগী করতে জল সবুজে ঢাকা প্রকল্প হাতে নিই। একশোর বেশি অভিজ্ঞ প্রকৌশলীর সহায়তায় ১২টি খেলার মাঠ ও ১৯টি পার্ক বিশ্বমানের করতে কাজ শুরু করি। এর ফলেই মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্ক এর চেহারা পেয়েছে।”

অনুষ্ঠানে বলা হয়, চার দশমিক ৩৬ বিঘা জমিতে গড়ে ওঠা বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্কের আধুনিকায়নে ব্যয় হয়েছে সাড়ে ছয় কোটি টাকা।

এখানে খেলোয়ারদের চেঞ্জিংরুম, লকারসহ ফুটবল খেলা ও অনুশীলনের ব্যবস্থা, ক্রিকেট অনুশীলনের জন্য দুটি পিচ, গ্যালারি, টয়লেট সুবিধা রাখা হয়েছে।

পুরনো খবর:

মোহাম্মদপুরে খেলার মাঠ দখল করে মেলা আয়োজনের প্রতিবাদে সমাবেশ
শিশুদের জন্য চাই আরও উন্মুক্ত মাঠ: রাদওয়ান মুজিব