২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি আস্তানা: শাকিলাদের দুই মামলা স্থগিতই থাকছে

চট্টগ্রামে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের নেতা মনিরুজ্জামান ডন ও আইনজীবী শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলার কার্যক্রমে হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 04:35 PM

Updated : 08 Apr 2022, 05:06 PM

তবে মামলার অভিযোগ গঠনের আদেশ চ্যালঞ্জ করে হাই কোর্টে দুই আসামির করা আপিল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সর্বোচ্চ আদালত।

হাই কোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। দুই আসামির পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী হাসান এমএস আজিম।

সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে চলতি বছরের ২০ অগাস্ট তাদের বিচার শুরুর আদেশ দেয় চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত না থাকায় শাকিলা ফারজানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অভিযোগ গঠনের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আপিল করেন আইনজীবী শাকিলা ফারজানার দুই সহকর্মী আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন।

গত ১১ নভেম্বর হাই কোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

আইনজীবী হাসান এম এস আজিম সাংবাদিকদের বলেন, “মামলার কার্যক্রমে হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশে আপিল বিভাগ হস্তক্ষেপ করেনি। তবে সর্বোচ্চ আদালত চার সপ্তাহের মধ্যে হাই কোর্টে থাকা দুই আসামির আপিল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে।”

পুরনো খবর:

জঙ্গি আস্তানা: চট্টগ্রামে শাকিলাসহ ৩৩ জনের বিচার শুরু