২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদলের আসনে উপ-নির্বাচন মধ্য জানুয়ারিতে

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের আসনে মধ্য জানুয়ারিতে উপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 10:33 AM

Updated : 18 Aug 2022, 06:10 PM

ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর জানান, চট্টগ্রাম-৮ শূন্য আসনের উপ-নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি চলছে। কমিশনের অনুমোদন নিয়ে আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। আগামী কমিশন সভায় এ বিষয়ে প্রস্তাব তোলা হবে।

সাংসদ মঈন উদ্দীন খান বাদল ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৬৭ বছর বয়সী এ মুক্তিযোদ্ধার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।

চট্টগ্রাম-৮ (চাঁদগাও-বোয়ালখালী) আসনের তিনবারের সাংসদ বাদল একাদশ জাতীয় সংসদে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

সংসদের আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির। সেই হিসাবে বাদলের আসনে ৪ ফেব্রুয়ারিরর মধ্যে ভোট করতে হবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান,  ১৩ জানুয়ারি ইলেকট্রনিক মেশিনে (ইভিএমে) ভোট করার প্রস্তাব তারা তৈরি করছেন। সেজন্য ১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। রিটার্নিং কর্মকর্তা কে হবেন- তফসিলের আগে তাও চূড়ান্ত করা হবে।

‘জটিলতা নেই ডিসিসি ভোটে’

আসছে জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোট করার বিষয়ে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে কমিশন। তবে সম্প্রসারিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় ভোট না করার জন্যে কমিশনে আবেদন এসেছে। মেয়াদ পূর্ণ হয়নি এমন দাবি করে এসব ওয়ার্ডের কাউন্সিলররা চিঠি দিয়েছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, “কাউন্সিলরদের আবেদনের বিষয়টি কমিশনে উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে। তবে নির্বাচনের কোনো জটিলতা নেই। কখন ভোট হবে সে সিদ্ধান্ত দেবে কমিশন; এ জন্যে অপেক্ষা করতে হবে।”

গত ৩ নভেম্বর কমিশন সভা শেষে সচিব জানিয়েছিলেন, ঢাকার দুই সিটি করপোরেশনে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে ভোট হতে পারে। নভেম্বরের ১৮ তারিখের পর যেকোনো দিন এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চলতি ভোটার তালিকা দিয়ে ইভিএমের মাধ্যমে দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে।

পুরনো খবর:

সাংসদ মইন উদ্দীন খান বাদল আর নেই
জানুয়ারিতে ঢাকার দুই সিটিতে ভোট করতে চায় ইসি