রিমান্ডে আরমানকে জিজ্ঞাসাবাদ শুরু
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে ছয় দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে সোমবার বিকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আরমানকে সেগুনবাগিচায় দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়।
এরপর তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টায় আরমানকে রমনা থানা হাজতখানায় রাখা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
এর আগে গত ১৭ নভেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ আসামি আরমানের ছয় দিনের রিমান্ডে পাঠান।
দুই কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১২ নভেম্বর আরমানের বিরুদ্ধে মামলা করেন দুদক কর্মকর্তা সালাহউদ্দিন।
অবৈধভাবে ক্যাসিনো চালানোয় জড়িত থাকার অভিযোগে গত ৭ অক্টোবর যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করে র্যাব।
