২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের কর্মচারী আল আমিনকে আরও দুই মামলায় রিমান্ডে চায় পুলিশ

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার সিএমএম কোর্টের কর্মচারী আল আমিনকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 01:45 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার।

চকবাজার থানার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার আল আমিনকে রোববার আদালতে হাজির করে চকবাজার ও লালবাগ থানার পুরনো দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

এর মধ্যে চকবাজার থানার মামলাটি দায়ের করা হয়েছে ২০ অক্টোবর। এ মামলাও দায়ের করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে।

চকবাজার মডেল থানার এসআই মো. দেলোয়ার হোসেন এই মামলায় আল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে চেয়েছেন।

লালবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলাটিতেও আল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাঝহারুল ইসলাম জানিয়েছেন।  

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের একজন বিচারকের ব্যক্তিগত সহকারী (সাঁট লিপিকার) হিসেবে কাজ করে আসছিলেন ৩০ বছর বয়সী আল আমিন পান্না।

গত ১৮ নভেম্বর চকবাজার থানাধীন তালগাছ মসজিদ এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের লিফলেটসহ তাকে গ্রেপ্তার করার কথা জানায় র‌্যাব।

পরদিন র‌্যাবের নায়েক সুবেদার শেখ মনিরুজ্জামান বাদী হয়ে চকবাজার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা করেন।

আল আমিনের পাশাপাশি এজাহারে আসামি হিসেবে আরও সাতজনের নাম উল্লেখ করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার এসআই শায়েক আহম্মেদ ওইদিন আল আমিনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে তা নাকচ করে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম।

আল আমিনের আইনজীবী জানান, তারা কয়েক দফা জামিন আবেদন করলেও হাকিম আদালত তা মঞ্জুর করেনি।