২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির আমির আবু রায়হানসহ ৩ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আমির আবু রায়হান ওরফে মাহমুদ ওরফে হাদীসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 01:21 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

রোববার রাতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) শাখার সদস্যরা রাজধানীর ভাটারার সাইদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বলে অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন।

গ্রেপ্তার অন্য দুজন হলেন- হাবিবুর রহমান ওরফে চাঁন মিয়া ও রাজিবুর রহমান ওরফে রাজিব ওরফে সাগর।

তাদের কাছ থেকে ১৫০টি ডেটোনেটর, কমান্ডো ছুরি, ২০ প্যাকেট বিস্ফোরক জেল উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

সিটিটিসি প্রধান মনিরুল বলেন, পার্বত্য চট্টগ্রামের কিছু জমি ইজারা নিয়ে মাদ্রাসার নামে প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। সেখানে যাওয়ার প্রস্তুতিকালেই আবু রায়হানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

“তাদের কাছ থেকে যে ডিটেনেটরসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করার হয়েছে, তা প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।”

ওই প্রশিক্ষণ কেন্দ্রটি স্থানীয় যে ব্যক্তির মাধ্যমে খোলা হয়েছে, তাকেও চিহ্নিত করা গেছে বলে জানান মনিরুল।

তিনি বলেন, ২০১৭ সালে জেএমবির আমির খোরশেদ আলম জিয়া বগুড়ায় বন্দুকযুদ্ধে মারা যাওয়ার পর আবু রায়হান আমিরের দায়িত্ব পান।  এরপর থেকে পুরাতন জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করে আসছিলেন তিনি।

এই প্রক্রিয়ায় অন্য যারা জড়িত তাদের উপর নজরদারি চলছে বলে জানান মনিরুল।

হলি আর্টিজান বেকারিতে হামলার মামলার রায়ের আগে পুরাতন এই জেএমবির দ্বারা নাশকতার কোনো পরিকল্পনার তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

“তারপরেও আমরা খোঁজ রাখছি,” বলেন মনিরুল।

তিনি জানান, আবু রায়হান টঙ্গির তামিরুল মিল্লাত মাদ্রাসায় লেখাপড়া করার সময় ২০১০ সালে জেএমবিতে যোগ দেন। ২০১২ সালে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার শাখা প্রধানের দায়িত্ব পান তিনি। পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া জঙ্গি সালাউদ্দিন সালেকিনের  শ্যালিকাকে বিয়ে করেন আবু রায়হান।

হাবিবুর সম্পর্কে সিটিটিসি প্রধান মনিরুল বলেন, “সে মূলত ডাকাত। সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতে বিভিন্ন জায়গায় ডাকাতি করে থাকে। একবার উত্তরায় ডাকাতি করাকালে জনগণের হাতে গ্রেপ্তার হয়।”

বিকালে তিনজনকে ঢাকার আদালতে হাজির করে বিস্ফোরক আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক এসএম রাইসুল ইসলাম।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তিন দিন রিমান্ডের আদেশ দেন।

আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সিটিটিসি ইউনিটের পরিদর্শক মোদাচ্ছের কায়সার ভাটারা থানায় তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন।