মোদীকে নিয়ে ভুয়া সংবাদ: মানবজমিনের ব্যাখ্যা তলব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি ভুয়া খবর প্রকাশ করায় দৈনিক মানবজমিনের কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়।
গত ১৩ নভেম্বর প্রকাশিত ‘বাবরি মসজিদ মামলার রায়: ৫ বিচারপতিকে মোদীর অভিনন্দন’ শিরোনামের প্রতিবেদনের জন্য রোববার সংবাদপত্রটির কাছে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারের পাঠানো এক চিঠিতে ব্যাখ্যা তলব করা হয়।
‘মিথ্যা ও ভিত্তিহীন’ এই সংবাদ নিয়ে ভারতীয় হাই কমিশনের প্রতিবাদ পাঠানো এবং তা মানবজমিনে প্রকাশের কথাও উল্লেখ করা হয় চিঠিতে।
এই সংবাদ প্রকাশের বিষয়ে ব্যাখ্যা তিন দিনের মধ্যে দিতে বলা হয় মানবজমিনকে।
মানবজমিনকে এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই ধরনের সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা তথ্য অধিদপ্তরের চিঠির ব্যাখ্যা দেবেন। তার আগে এ বিষয়ে কিছু বলতে চান না।
তথ্য মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে নয়া দিগন্তের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
