২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা-উপজেলায় স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র কেন নয়: হাই কোর্ট

পাবলিক ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেশের জেলা-উপজেলায় সদরে স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র নির্মাণ প্রশ্নে রুল জারি করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 04:33 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ এ রুল দিয়েছে।

পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ পাবলিক ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জেলা-উপজেলা সদরে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

শিক্ষা, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিবাদিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।  

হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় গত অগাস্টে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সরদার জাকির হোসেন। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

আইনজীবী সরদার জাকির পরে সাংবাদিকদের বলেন, “পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ বিভিন্ন পাবলিক ও নিয়োগ পরীক্ষার কারণে প্রায় সারা বছর জেলা-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক রকম বন্ধ থাকে বা ক্লাস হয় না। শিক্ষার্থীরা এতে ক্ষতির মুখে পড়ছে। এমনকি অনেকেই চূড়ান্ত পরীক্ষায় ফল খারাপ করছে। এর দায় কে নেবে?

“এসব বিষয় বিবেচনা করেই জনস্বার্থে রিটটি করেছিলাম। আদালত আজ শুনে রুল জারি করেছেন।”

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।