লঞ্চ চলবে কখন, সিদ্ধান্ত বিকালে
ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও সারাদেশে লঞ্চ চলাচল শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।
প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শুক্রবার সন্ধ্যা থেকে সারাদেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। সেই নির্দেশনা এখনও রয়েছে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মাহবুব উল আলম রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভ্যন্তরীণ নৌ বন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত রয়েছে। এই সংকেতে ৬৫ ফুচের চেয়ে বড় লঞ্চ চলাচল করতে পারে।
“তবে নিম্নচাপের প্রভাব যেহেতু এখনও রয়েছে, তাই এই মুহূর্তে আপাতত লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিচ্ছি না। আরও চার থেকে পাঁচ ঘন্টা পর অর্থাৎ বিকালের দিকে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”
ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে এ ঘূর্ণিঝড়।
প্রায় তিন ঘণ্টায় পুরোপুরি স্থলভাগে উঠে আসার পর সুন্দরবনের ভারতীয় অংশের কাছ দিয়ে বুলবুল পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে।
রোববার ভোর ৫টার দিকে সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করে খর্ব শক্তির ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পৌঁছায়। এরপর আরও শক্তি হারিয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়।
বুলবুল দুর্বল হয়ে পড়ায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলার পাশাপাশি দেশের নদীর বন্দরগুলোর জন্য ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ঢাকার সদরঘাটে বিভিন্ন লঞ্চের কর্মীরা জানিয়েছেন, ঝড়ের কারণে তাদের নৌযানগুলো ঘাটেই রাখা হয়েছে। লঞ্চ না চলায় সদরঘাটে যাত্রীও নেই।
