অর্থ আত্মসাৎ: চীনাসহ পলাতক ৫ আসামিকে গ্রেপ্তারে হাই কোর্টের নির্দেশ
ন্যাশনাল ব্যাংকের আড়াই কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের ঘটনায় দুই বছর আগের মামলায় চীনের এক নাগরিকসহ পাঁচ আসামিকে গ্রেপ্তারে পুলিশকে পদক্ষেপ নিতে বলেছে হাই কোর্ট।
মামলাটি বাতিল চেয়ে করা একটি আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
পাশাপাশি ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার আসামিরা হলেন- ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল ওদুদ খান, দি সিনফা নিটাস লিমিটেডের চেয়ারম্যান ইয়াং ওয়াং চুং, ব্যবস্থাপনা পরিচালক খসরু আল রহমান, পরিচালক মনসুরুল হক ও মো. গোলাম মোস্তফা।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল মতিন খসরু; দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও মো. নওশের আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
খুরশীদ সাংবাদিকদের বলেন, এ মামলায় জামিনে থাকা আসামি ব্যাংকটির সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরী মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন, যেটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত। এছাড়া ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেন, মামলার পলাতক পাঁচ আসামিকে দ্রুত গ্রেপ্তার ও তারা যাতে বিদেশে পালাতে না পারে সেজন্য পাসপোর্ট জব্দ করার ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন আদালত।
দি সিনফা নিটাস লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানির নামে এলসি খুলে আসামিরা ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখা থেকে ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা আত্মসাত করে।
এ ঘটনায় দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর হোসেন ২০১৭ সালের ১৭ জুন ওই ছয় জনকে আসামি করে মতিঝিল থানায় মামলা করেন।
গত বছরের ২৪ জুন তদন্ত কর্মকর্তা পাঁচ নম্বর ঢাকার বিশেষ জজ আদালত মামলার অভিযোগপত্র দাখিল করেন।
