যুদ্ধবিমান ব্যবহারে যত্নশীল হওয়ার পরামর্শ রাষ্ট্রপতির
বিমান বাহিনীর যুদ্ধবিমানসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহারে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, "যুদ্ধবিমানসহ সকল যন্ত্রপাতি অত্যন্ত মূল্যবান। এগুলোর সংরক্ষণে আরো যত্নশীল ও মনযোগী হতে হবে। দুর্ঘটনা কমিয়ে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাসে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে।"
মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে ছয়টি স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) দেওয়া হয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ।
তিনি বলেন, "বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের জন্য নিরাপত্তা অপরিহার্য। এ জন্য আমাদের আকাশসীমার নিরাপত্তাও অনেক বেশি জরুরি। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বিমান বাহিনী এ দায়িত্ব সাফল্যের সাথে পালন করতে সক্ষম হবে।"
"মনে রাখবেন, যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন অদম্য স্পৃহা ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। আর এর সফল পরিসমাপ্তি হচ্ছে অর্জন। তাই বিমান বাহিনীর অর্জনকে নতুন উচ্চতায় নিতে আপনাদেরকে নিরলস প্রয়াস চালাতে হবে।"
রাষ্ট্রপতি বলেন, "একটি স্বাধীন জাতির আকাশসীমাকে নিরাপদ ও শত্রুমুক্ত রাখাই সে দেশের বিমান বাহিনীর মূল দায়িত্ব। ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এ শ্লোগান বুকে ধারণ করে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষায় নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তা ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, উদ্ধার তৎপরতা ও ত্রাণসামগ্রী বিতরণে বিমান বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
এর আগে বিমান বাহিনীর পোশাক পরিহিত আবদুল হামিদ খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন। বিমান বাহিনীর যুদ্ধ ও পরিবহন বিমান ফ্লাইং ডিসপ্লে প্রদর্শন করে।
ঘাঁটি বঙ্গবন্ধুর কুচকাওয়াজ মাঠে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বঙ্গবন্ধু ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সাঈদ হোসেন।
সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, সামরিক-বেসামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি তার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন এনং পরিদর্শন বইয়ে সই করেন।
