ঢাকার মতিঝিলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঢাকার মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনিতে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন।
নিহতের নাম- মোফাজ্জল হোসেন (৩৫)। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মালভাঙ্গায়।
শনিবার সকালে ওই ভবনের দশম তলার বাইরের অংশে মাচা বেঁধে কাজ করার সময় তিনি নিচে পড়ে যান বলে পুলিশ জানিয়েছে।
মোফাজ্জল নির্মাণাধীন ২০তলা ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন।
মোফাজ্জলকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “মোফাজ্জলকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।”
