মঞ্জু কোনোদিন পিস্তল ‘দেখেননি’, মাদক- চাঁদাবাজিও ‘ঘৃণা করেন’
চাঁদাবাজির অভিযোগে র্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জু আদালতে বলেছেন, অস্ত্র তিনি কোনোদিন দেখেননি; চাঁদাবাজি-মাদক সেবন- এসব তিনি ‘ঘৃণা’ করেন।
অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় শুক্রবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানিতে এমন দাবিই করেন ওয়ারি থানা আওয়ামী লীগের ‘সম্মানীয় সদস্য’ মঞ্জু। কথা বলতে বলতে তাকে কাঁদতেও দেখা যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর এবং তার গাড়িচালক সাজ্জাদকে এদিন আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে মঞ্জুকে মাদক ও অস্ত্র মামলায় পাঁচ দিন করে মোট দশদিন এবং সাজ্জাদককে মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আসামিপক্ষের আইনজীবী ওয়াজিউল্লাহ রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু বিচারক তা নাকচ করে দেন।
রিমান্ড শুনানিতে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মঞ্জু বিচারকের উদ্দেশে বলেন, “১৫ বছর ধরে আমি কাউন্সিলর। তারপরও ঢাকা শহরে আমার একটা বাড়ি নাই। আর আমি নাকি চাঁদাবাজি করি! চাঁদাবাজিকে আমি ঘৃণা করি।”
সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু হলে নতুন করে তার নাম সামনে আসে।
এরপর বুধবার কাজী মো. রনি নামে একজন ব্যবসায়ী ওয়ারী থানায় মঞ্জুর বিরুদ্ধে আরেকটি মামলা করেন। কাউন্সিলর মঞ্জু দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন এবং ওই টাকা না দেওয়ায় বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে সেখানে অভিযোগ করা হয়।
এরপর বৃহস্পতিবার দুপুরে মঞ্জুকে গ্রেপ্তার করে তার টিকাটুলির অফিস ও বাসায় অভিযান চালায় র্যাব। দুই জায়গা থেকে দুটি পিস্তল, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও যৌন উত্তেজনা বর্ধক ওষুধ উদ্ধারের কথা জানানো হয় অভিযান শেষে। মঞ্জুর বাড়ি থেকে তার গাড়িচালক সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড শুনানিতে বিচারকের সামনে মঞ্জু বলেন, “আমি কোনো দিন অস্ত্র দেখি নাই। অস্ত্র চালাতে পারি না। আমার কাছ থেকে যেসব জিনিস উদ্ধারের কথা বলা হচ্ছে, হলফ করে বলতে পারি আমার অফিসে কিছু পায় নাই। গাঁজা, পিস্তল, বাবা-টাবা ঘৃণা করি।”
বিচারক এ সময় আসামি মঞ্জুকে প্রশ্ন করেন, বাবা কী?
এ সময় মঞ্জুর আইনজীবী বলেন, “বাবা হচ্ছে ইয়াবা। তার (মঞ্জুর) উচ্চারণের সমস্যার কারণে এরকম শোনা গেছে।”
মঞ্জু এরপর দাবি করেন, “কিছু খারাপ লোক আমার পিছনে লেগেছে। আমি রাজধানী সুপার মার্কেটের সভাপতি। আমাকের সেখান থেকে সরাতে ফাঁসানো হয়েছে। আমি বাল-বাচ্চার কসম খেয়ে বলতে পারি, আমার কাছ থেকে তারা কিছু পায়নি। আমার জীবন এরা শেষ করে দিল। আমি অসুস্থ রোগী। দুই দিন ধরে যে আমার কী অবস্থা!”
কথা বলার এক পর্যায়ে আদালতের কাঠগড়ায় কাঁদতে দেখা যায় কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে। পরে আইনজীবীরা তাকে স্বান্তনা দিয়ে থামান
বৃহস্পতিবার মঞ্জুর কার্যালয়ে অভিযানের সময় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি নানা বয়সী কয়েকশ মানুষ সেখানে ভিড় করে। মঞ্জুকে র্যাব আটক করে নিয়ে যাওয়ার পর অনেকেই আনন্দ প্রকাশ করেন। এ সময় মিষ্টিও বিতরণ করা হয়।
র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল অভিযান শেষে বলেন, “মঞ্জুর বৈধ কোনো আয় নেই। সন্ত্রাস আর চাঁদাবাজিই তার অর্থের উৎস। সেই টাকা সে হুন্ডির মাধ্যমে আমেরিকায় পাঠায় বলেও অভিযোগ আছে।”
হাটখোলায় মঞ্জুর বাসায় র্যাবের অভিযানের সময় সুমি বেগম নামে এক নারী নিজেকে মঞ্জুর আত্মীয় পরিচয় দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় মঞ্জুর কেউ থাকে না। স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে প্রায় ১৮ বছর ধরে আমেরিকায় থাকে। মঞ্জু নিজেও নিয়মিত আমেরিকায় যাতায়াত করে।”
মঞ্জুর মা মারা যাওয়ার পর তার বাবা আজিজুল হক দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গোলাপবাগে নিজের বাসায় থাকেন। আর মঞ্জুর বাসায় থাকতেন কেবল গাড়িচালক সাজ্জাদ।
সুমি বেগম জানান, ওই বাড়ি নিয়ে মামলা চলছে। তবে কার সঙ্গে বা কী অভিযোগে মামলা- সে বিষয়ে কোনো ধারণা তিনি দিতে পারেননি।
আরও পড়ুন-
