কাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলা
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদা দুটো মামলা করেছে র্যাব।
র্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন বৃহস্পতিবার রাতে রাজধানীর ওয়ারি থানার মামলা দুটি দায়ের করেন।
র্যাব রাতেই কাউন্সিলর মঞ্জুকে থানায় হস্তান্তর করেছে বলে ওয়ারি থানার এসআই মিলন কুমার চ্যাটার্জি জানান।
তিনি বলেন, অস্ত্র মামলায় আসামি করা হয়েছে কেবল মঞ্জুকে। আর মাদক মামলায় মঞ্জুর সঙ্গে তার গাড়িচালক সাজ্জাদও আসামি।
৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জু ওয়ারি থানা আওয়ামী লীগের একজন ‘সম্মানীয় সদস্য। ঢাকা মহানগর আওয়ামী লীগের গত কমিটিতেও সদস্য হিসেবে ছিলেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর কার্যালয়ে অভিযান চালিয়ে মদ, ইয়াবা ও অস্ত্র উদ্ধার করে র্যাব। ছবি: আসিফ মাহমুদ অভি
সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু হলে নতুন করে তার নাম সামনে আসে। সিটি করপোরেশনের সভায় অনুপস্থিতির কারণে এ সপ্তাহের শুরুতে দক্ষিণ সিটির যে ২১ কাউন্সিলরকে কারণ দর্শাও নোটিস পাঠানো হয়েছে, তাদের মধ্যে মঞ্জু একজন।
কাজী মো. রনি নামে রাজধানী সুপার মার্কেটের একজন ব্যবসায়ী গত বুধবার ওয়ারী থানায় একটি মামলা করেন। তার অভিযোগ, কাউন্সিলর মঞ্জু তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ওই টাকা না দেওয়ায় বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।
র্যাব কর্মকর্তারা বলছেন, মামলার বিষয়ে জানার পর অনুসন্ধান চালিয়ে ওই কাউন্সিলরের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ পান তারা। এরপর বৃহস্পতিবার দুপুরে টিকাটুলিতে তার অফিস ও বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দুটি পিস্তল, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও যৌন উত্তেজনা বর্ধক ওষুধ।
অভিযানে কাউন্সিলর মঞ্জুর বাড়ি থেকে তার গাড়িচালক সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।
