২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সভায় অর্থমন্ত্রী না থাকায় দুই মন্ত্রীর উষ্মা

সাধারণ মানুষের জীবিকা বিষয় সংশ্লিষ্ট খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় অর্থমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা না থাকায় উষ্মা প্রকাশ করলেন কৃষি ও খাদ্যমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 09:57 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

বৃহস্পতিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী সাধন কৃষকদের প্রতি নজর রেখে চাষিদের ধানের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিতের লক্ষ্যে এবার আমন সংগ্রহ অভিযানের কথা বলেন।

তিনি বক্তব্য দেওয়ার পরপরই পাশে বসা কৃষিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের সহযোগিতা খুব দরকার। কৃষি খুবই সঙ্কটে আছে, মিডিয়ার সহযোগিতা দরকার।

“আমি আপনাদের বলছি, অর্থমন্ত্রী আজ মিটিংয়ে আসেনি। কেন আসবেন না অর্থমন্ত্রী মিটিংয়ে?”

এরপর খাদ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই আবারও উষ্মা প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন, “আমি খুবই অবাক!”

‘গুরুত্বপূর্ণ’ এই সভায় অর্থমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা কেন আসেননি- সাংবাদিকরা জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, “ওনাদের আরও জরুরি মিটিং আছে, কারও বাণিজ্য মেলার উদ্বোধন আছে, কারও অন্য মিটিং আছে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং দেখলাম।”

সাধন বলেন, “এই মিটিংয়ের নোটিসটা অনেকেদিন আগে দেওয়া হয়েছে। এটার উপর প্রাধান্য দেওয়া উচিৎ ছিল। আমার মনে হয়, উনারা এই মিটিংয়ের গুরুত্ব খুব একটা অনুধাবন করতে পারেননি। সারাদেশের মানুষের খাদ্যের বিষয়। সব সচিবরা ছিলেন। হয়ত এর পরে সবাই আসবেন। গুরুত্ব হয়ত এর মধ্যে বুঝে ফেলেছেন।”

পাশে থেকে কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, “৪০ ভাগ মানুষের জীবিকার বিষয় এটি।”

এদিনের সভায় দেশে প্রথমবারের মতো প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহের সিদ্ধান্ত হয়।

এবার কৃষক থেকে আমন ধান কিনবে সরকার

মন্ত্রিপরিষদ সচিব ছিলেন কি না- জানতে চাইলে বলেন খাদ্যমন্ত্রী বলেন “না ছিলেন না, প্রধানমন্ত্রীর প্রোগ্রামে ছিলেন, উনার প্রতিনিধি ছিলেন।”

এটি ছিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির দ্বিতীয় সভা। এর আগের সভার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ডেঙ্গুতে আক্রান্ত থাকায় আসতে পারেনি বলে জানান খাদ্যমন্ত্রী।

কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, “আগে মুহিত সাহেব ছিলেন (অর্থমন্ত্রী), আমি খাদ্যমন্ত্রী ছিলাম, আমার মনে আছে, মুহিত সাহেব একটা মিটিংও মিস করেননি।”

অর্থমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ শিডিউল পরিবর্তন হওয়াতে সভায় উপস্থিত থাকতে পারেননি তিনি (অর্থমন্ত্রী), তিনি চট্টগ্রামে রয়েছেন।”

তবে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন বলে জানান কর্মকর্তারা।

গত ২৫ ফেব্রুয়ারি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি গঠন করে সরকার।এ সভার সভাপতি খাদ্যমন্ত্রী, সদস্য হিসেবে রয়েছেন কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বা মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব।