২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য ভারত গেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

মেরুদণ্ডের সমস্যার চিকিৎসার জন্য ভারতে গেলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 12:29 AM

Updated : 18 Aug 2022, 06:00 PM

Image
সাদ্দাম হোসেন

সাদ্দাম হোসেন

তার অনুপস্থিতিতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্র সংসদের ভিপি হোসাইন আহমেদ সোহানকে সংগঠনটির এই শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ মোতাবেক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সাদ্দাম হোসেন ভারতে গমন করেছেন। তার আগমনের পূর্ব পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হোসাইন আহমেদ সোহান।”

এই সমস্যা নিয়ে প্রায় মাসখানেক ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাদ্দাম। ভারতে যাওয়ার জন্য ডাকসুর এজিএসের দায়িত্ব থেকে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন তিনি।

সাদ্দাম সোমবার রাতে ফেইসবুক পোস্টে লিখেছেন, “আগামীকাল (মঙ্গলবার) চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। অনেক দিন অসুস্থ থাকার কারণে সবার সাথে ঠিকঠাক যোগাযোগ রাখতে পারিনি, অর্পিত দায়িত্ব পালন করতে পারিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকার সময় অনেকেই দেখা করতে চেয়েছে, নিষেধ করেছি কিংবা অসুস্থতার জন্য সব সময় হয়ত সদয় আচরণ করিনি। আমার সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভালোবাসা।

“বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনা আমার সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছেন, শত ব্যস্ততার মাঝেও আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর জন্য নির্দেশনা দিয়েছেন, তদারকি করেছেন। প্রিয় বঙ্গবন্ধুতনয়া, আপনার কাছে আমার জন্ম-জন্মান্তরের ঋণ। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ধারণ করে যেন জীবনের বাকি পথটুকু চলতে পারি, আপনি শুধু এই আশির্বাদটুকু রাখবেন।”

ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “ছাত্রলীগের পোস্ট একটি রাজনৈতিক বিষয় এবং হল সংসদের ভিপি আমি শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত। দুটি আলাদা প্ল্যাটফর্ম।

“তাই দুটি দায়িত্বে থাকার কারণে শিক্ষার্থীদের জন্য কাজ করার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে বলে মনে করি না। আমার দায়িত্বের জায়গা থেকে যেখানে যেটা কাজ করার সেটা আমি করে যাব।”