২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডির বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ

রাজধানীর ধানমণ্ডির এক বাসায় কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 02:45 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

সোমবার রাতে বাসাটির এক কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা সালমা আক্তার (১৭) নামের ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়।

ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ বলেন, ১২ নম্বর সড়কের ২১ নম্বর ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে নয় মাস ধরে কাজ করছিলেন সালমা।

“রান্নাঘরের পাশে একটি ছোট কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সালমার লাশ পাওয়া যায়।”
ওই প্ল্যাটে আতিয়া বেগম নামের এক নারী তার দুই ছেলে-মেয়েকে নিয়ে থাকেন। আতিয়া বেগমের স্বামী মারা গেছেন।

ওসি লতিফ বলেন, “প্রাথমিক তদন্তে মনে হয়েছে সালমা আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”

সালমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে বলে জানান তিনি।