এয়ারলাইন্সকর্মীর ‘ভুল’ তথ্যে খেসারত দিলেন দুই যাত্রী
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ালাইন্সের কাউন্টার থেকে পাওয়া ‘ভুল তথ্যের’ কারণে ফ্লাইট ধরতে না পারার অভিযোগ করলেন সৌদি আরবগামী দুই যাত্রী।
বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আয়োজিত গণশুনানিতে মুনিয়া আক্তার (২৫) ও মো.আরিফ (২৮) নামে ওই দুজন তাদের অভিযোগ জানান।
শুনানির পর এমিরেটস আরিফকে সোমবার তাদের আরেকটি ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করলেও সেজন্য তার কাছ থেকে অতিরিক্ত আট হাজার টাকা নিয়েছেন।
মুনিয়ার কাছেও টাকা চাওয়া হয়েছিল; তবে তার সৌদি আরবের চাকরিদাতা নতুন একটি টিকেট পাঠালে তার ব্যক্তিগত খরচ আর করতে হয়নি।
সৌদি আরবে একটি গেস্ট হাউজে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আরিফ দুই বছর পর ছুটিতে বাংলাদেশে এসেছিলেন। সোমবার ইকে ৫৮৩ ফ্লাইটে সকাল ৯টা ৫৫ মিনিটে তার ফেরার কথা ছিল।
আরিফ বলেন, বিমানবন্দরে এমিরেটসের কাউন্টারে গিয়ে তিনি রিটার্ন টিকিট থাকার কথা জানালে কাউন্টারকর্মী তাকে জানান যে তার ‘বোর্ডিং পাস লাগবে না’। সরাসরি ইমিগ্রেশনে চলে গেলেই হবে। কিন্তু ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।
আরিফ এমিরেটসের কাউন্টারে ফিরে এসে তা বন্ধ দেখতে পান। ততক্ষণে এমিরেটসের ফ্লাইটও ঢাকা ছেড়ে যায়।
মুনিয়া বলেন, তারও রিটার্ন টিকিট রয়েছে জানার পর এমিরেটসের কাউন্টার থেকে তাকে বলা হয় তারও ‘বোর্ডিং পাস লাগবে না’। আরিফের মতো তাকে রেখেও ফ্লাইট ছেড়ে যায়।
পরে আরিফ জানান, অতিরিক্ত ৮ হাজার টাকা দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটসের আরেকটি ফ্লাইটে তার যাওয়ার ব্যবস্থা হয়।
“ভুল তথ্য দিল একজন, আর জরিমানা দিতে হল আমাকে! যারা বিভিন্ন কাউন্টারে যাত্রীদের তথ্য দেওয়ার দায়িত্বে থাকেন তারা সতর্ক হলে এমনটা হত না।”
মুনিয়া জানান, এমিরেটস তাকে ১২ হাজার টাকা নিয়ে যেতে বলেছিল। তার কাছে অত টাকা ছিল না। তিনি সৌদি আরবে তার নিয়োগকর্তাকে জানালে সেখান থেকে আরেকটি টিকিট কেটে দেওয়া হয়।
এই দুই যাত্রীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজালাল বিমানবন্দরে কর্মরত এমিরেটসের কোনো কর্মকর্তা কোনো কথা বলতে চাননি।
এদিকে গণশুনানিতে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো.মফিদুর রহমান বলেন, বিমানবন্দরে কোনো যাত্রী হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ বাক্স রেখেছি। সেখানে পাওয়া অভিযোগগুলো আমরা পর্যালোচনা করি। বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে..আমরা আমাদের টেলিফোন নম্বরও দিয়ে দেব।
“যে কোনো জায়গায় যদি কোনো যাত্রী হয়রানির শিকার হয়, তাহলে সাথে সাথে ওই নম্বরে ফোন করতে পারবেন। আমরা সাথে সাথে এ্যাকশন নেব।”
শুনানিতে আরিফ ও মুনিয়া ছাড়া আর গুটিকয়েক যাত্রীই অভিযোগ জানান। তারা বিমানবন্দরের বিভিন্ন ফটক বন্ধ থাকা, হেল্প ডেস্কে ২৪ ঘণ্টা কর্মকর্তাদের উপস্থিত না থাকা, টয়লেটের স্বল্পতার কথা বলেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, “নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা প্রবেশ পথগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি। টয়লেটগুলো সংস্কারের কাজ চলছে।”
