২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ইজতেমাও দুই পর্বে, শুরু ১০ জানুয়ারি

তাবলিগ জামাতের বিভেদ না কাটায় আগামী ইজতেমাও ২০২০ সালের জানুয়ারি মাসে দুই পর্বে অনুষ্ঠিত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 11:27 PM

Updated : 08 Apr 2022, 04:56 PM

প্রথম পর্ব হবে ১০ , ১১ ও ১২ জানুয়ারি; দ্বিতীয় পর্ব হবে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি।

সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে মাওলানা জুবায়ের ও তার অনুসারীরা এবং সাদ কান্ধলবীর অনুসারী সৈয়দ ওয়াসিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বৈঠক করেন তাদের সঙ্গে।

জুবায়ের সমর্থক ফরিদাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০, ১১ও ১২ জানুয়ারি আমরা ইজতেমা করব।”

সাদ সমর্থক হামিদুর রহমান বলেন, তারা ১৭,১৮ ও ১৯ জানুয়ারি বিশ্ব ইজতেমা পালন করবেন।

তাবলিগ জামাতের দুই পক্ষ কি এক হবে না- প্রশ্নে তাবলিগের বর্ষীয়ান ‘মুরব্বী’ মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, “আর সম্ভাবনা দেখছি না।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু বকর ছিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত হয়েছে।

তাবলিগ জামাতের দিল্লির আমির মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে আসবেন না বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।

হামিদুর রহমান বলেন, “দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে সবাই সাদ হুজুর যাতে না আসেন, ওইভাবে আলোচনা হয়েছে।”

মাওলানা সাদে বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে পড়ে বাংলাদেশের তাবলিগ জামাত।

বিরোধের জের ধরে গত বছরের ১ ডিসেম্বর ইজতেমা মাঠে সংঘর্ষও বাঁধে।