রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার বিকালে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন কালে তার কর্মদক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করে বলেন, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিতে সক্ষম হবেন।"
রাষ্ট্রপতি বিশ্ব ব্যাংকে বাংলাদেশের ভাবমূর্তি, উন্নতি ও অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরতে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিবের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি এসময় বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করতে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। রাষ্ট্রপতি তার কর্মজীবনের সফলতা কামনা করেন।
শফিউল আলম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বিশ্ব ব্যাংকের দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
