২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব রোধে সাংবাদিকদের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার বোরহানউদ্দিনের ঘটনার প্রেক্ষাপটে জনগণকে তথ্যবিভ্রান্তি থেকে রক্ষায় সাংবাদিকদের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 10:47 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল আয়োজিত 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘সরকার প্রায়ই গুজব-উসকানির মুখোমুখি হয়।

“গণমাধ্যমই এই তথ্যবিভ্রান্তি থেকে জনগণকে রক্ষা করতে পারে। এজন্য গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রতিদিন আমাদের দেশে নানাভাবে গুজব ছড়াচ্ছে। আর এটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে ফেইসবুকের মাধ্যমে। আমরা প্রথমে গুজব দ্বারা নানাভাবে প্রভাবিত হই। তারপর যখন গণমাধ্যমগুলো এ নিয়ে কথা বলে, তখন আমরা প্রকৃত ঘটনা জানতে পারি।”

গুজব প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যে কোনো ঘটনা আগে নিজের বিবেক দ্বারা বিবেচনা করুন, তারপর বিশ্বাস করুন।”

অনুষ্ঠানের উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স  আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমাদের সংবেদনশীল মানুষ হতে হবে। সংবেদনশীল মানুষ মানে উদার ও নৈতিকতাসম্পন্ন  মানুষ।

“উদার মনমানসিকতা না থাকলে একজন ভালো সাংবাদিক হওয়া যাবে না। কারণ একজন ভালো মানুষই হতে পারে একজন ভালো সাংবাদিক।“

সংগঠনটির সভাপতি সঞ্জিত সরকার উজ্জলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান, স্টামফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক কাজী আব্দুল মান্নান, ড্যাফোডিল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান সেলিম আহমেদ।