২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের জন্য যা যা দরকার করব: হাসিনাকে মাহাথির

রোহিঙ্গা ‘গণহত্যার’ বিচার এবং তাদের নিয়ে সৃষ্ট সংকট নিরসনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানকে সাথে নিয়ে ‘প্রয়োজনীয় সব কিছু’ করার প্রতিশ্রুতি দিয়েছেন মালেশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

রিয়াজুল বাশার

বাকু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 12:17 AM

Updated : 10 Oct 2022, 09:32 PM

আজারবাইজানের রাজধানী বাকুতে অষ্টাদশ ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাকু কংগ্রেস সেন্টারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি দেন তিনি।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক আলোচনায় বিষয়বস্তু সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ে মাহাথির বলেছেন, উনি ও আসিয়ান সদস্যরা যেটা করা প্রয়োজন তিনি সেটা করে যাবেন। তিনি দৃঢ়ভাবে এটা অনুভব করেন যে, ওখানে গণহত্যা হয়েছে এবং এর বিচার হওয়া দরকার।”

মিয়ানমারে জাতিগত নিপীড়নের মুখে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন, যাদের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা এসেছেন ২০১৭ সালের অগাস্টে রাখাইনে নতুন করে মিয়ানমারের সেনাবাহিনীর দমন অভিযানের মুখে।

জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল’ অভিযান হিসেবে বর্ণনা করে আসছে।

শহীদুল হক বলেন, “রোহিঙ্গা বিষয়ে মালেশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের ওপর চরম নির্যাতন হয়েছে। সুতরাং মালেশিয়ার একটা ফিল্ড হসপিটাল আছে কক্সবাজারে, ওটার মাধ্যমে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

“মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভাসানচরের বিষয়ে জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাসানচরে নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য দিক তুলে ধরেন। একইসঙ্গে রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা সম্পর্কেও ব্যাখ্যা করেছেন আমাদের প্রধানমন্ত্রী।”

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বিনিয়োগ ও মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।

শহীদুল হক বলেন, বাংলাদেশে মালেশিয়ার যে বিনিয়োগ আছে, তা আরও বৃদ্ধি করার কথা বলেন মাহাথির মোহাম্মদ। দুই দেশের মধ্যকার সম্পর্ক ‘অনেক গভীর’ এ বিষয়টিও উল্লেখ করেন তিনি।

“মালেশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা এবং বাংলাদেশ থেকে আরও কর্মী যাতে মালেশিয়ায় যায় সে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন মাহাথির।”

সম্মেলনের ফাঁকে ইরান ও আলজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা।