সাম্প্রদায়িকতা, উগ্রবাদের পৃষ্ঠপোষকতা কেবল ব্যক্তি-গোষ্ঠী স্বার্থে: তাজুল
বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাস করে বলে মন্তব করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, কেবল ব্যক্তি-গোষ্ঠী স্বার্থে কতিপয় মানুষ সাম্প্রদায়িকতা, উগ্রবাদের পৃষ্ঠপোষকতা করেন।
শুক্রবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তাজুল বলেন, “উন্নয়নের রোল মডেল হওয়ার পাশাপাশি বাংলাদেশ সারা বিশ্বে ধর্মীয় সম্প্রীতিরও এক নম্বর উদাহরণ হতে পারে। এটা নষ্ট করার জন্য উগ্রবাদীরা সবসময়ই সচেষ্ট থাকবেন, এটাই স্বাভাবিক। এই উগ্রবাদীরা মুসলিম ধর্মেও আছে, অন্য ধর্মেও আছে। “
বাংলাদেশে শতকরা ৯৯ দশমিক ৯৯ ভাগ মানুষ অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাস করে মন্তব্য করে তিনি বলেন, “মাত্র ০.০১ পারসেন্ট মানুষ নানা ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। তাদের মোকাবেলা করতে হবে।”
তাজুল ইসলাম বলেন, “যারা ধর্মে বিভক্তির কথা বলেন, উগ্রবাদের পৃষ্ঠপোষকতা করেন, তারা কেবল ব্যক্তিগত ও গোষ্ঠীর স্বার্থে বিভক্তি সৃষ্টি করেন।”
ব্রিটিশ শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের শাসনের স্বার্থে হিন্দু মুসলিম বিভেদ তৈরি করেছিল এমনটি উল্লেখ করেন এলজিআরডি মন্ত্রী।
পরে তিনি বলেন, “ব্রিটিশদের এই নীতি কেন আমরা লালন করব? কেন অনুসরণ করব? এটা অবশ্যই পরিহারযোগ্য।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫’ এর ১৫ অগাস্ট সপরিবারে হত্যার পর দেশে যে সাম্প্রদায়িক রাজনীতির শুরু হয়েছিল, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সে রোধ করেন বলে মন্তব্য করেন তাজুল ইসলাম।
“ধর্ম ভিন্ন হলেও সম অধিকার ভিত্তিতে দেশের প্রতিটি নাগরিক সব সুবিধা ভোগ করবে, এটা ছিল বঙ্গবন্ধুর নীতি। বঙ্গবন্ধু হত্যার পর তার ছন্দপতন হয়।পরে শেখ হাসিনা ক্ষমতায় এসে তা আবার পুনরুদ্ধার করেন। তাই আজকে সব ধর্মের উৎসব এত জাঁকজমকপূর্ণ।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংসদ জুয়েল আরেং, রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ।
