২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুদ্ধি অভিযান চলবে সারাদেশে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুশাসন প্রতিষ্ঠার জন্য শুদ্ধি অভিযান সারাদেশে চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2019, 10:06 PM

Updated : 08 Apr 2022, 04:55 PM

শুক্রবার সকালে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে 'অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের' উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

১৮ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের চারটি ক্লাবে অভিযান চালায় র‌্যাব।

ক্লাবগুলোতে ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে একে একে গ্রেপ্তার হন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, জিকে শামীম, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, আরমান হোসেন, সেলিম প্রধান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কমিশনার হাবিবুর রহমান মিজান ও ৩৩ নম্বর ওয়ার্ডের কমিশনার রাকিব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সুশাসন প্রতিষ্ঠা করতে চায়।তাই কারো কোন দুর্নীতি, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। শুদ্ধি অভিযান শুধু দলে না, সারা দেশেই চলবে।

“পাহাড়েই নিরাপত্তা রক্ষায় সরকার সচেষ্ট এবং কাজ করছে। রামু, নাসিরনগর, ভোলায় যা ঘটেছে, তা যেন আর না ঘটে।”

তিনি বলেন, ভোলার ঘটনা সুষ্ঠু তদন্তের স্বার্থে যাকে যাকে দরকার- তাকেই জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন।