২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে শিশু গৃহকর্মী হত্যা: আদালতে গৃহকর্ত্রীর জবানবন্দি

রাজধানীর মোহাম্মদপুরে শিশু গৃহকর্মী জান্নাতিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার গৃহকর্ত্রী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2019, 10:02 PM

Updated : 18 Aug 2022, 05:58 PM

গ্রেপ্তারকৃত রোকসানা পারভিন পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদ আহম্মদের স্ত্রী। ঢাকায় মোহাম্মদপুরের স্যার সৈয়দ আহমদ রোডে তাদের বাসা।

শুক্রবার ঢাকার মহানগর হাকিম ইয়াসমিন আরার কাছে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয় বলে সংশ্লিষ্ট আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মনিরুজ্জামান মণ্ডল জানিয়েছেন।

১২ বছর বয়সী জান্নাতীকে পিটিয়ে হত্যার অভিযোগে বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় তার বাবা জানু মোল্লা এই দম্পতির বিরুদ্ধে মামলা করার পর স্যার সৈয়দ আহমদ রোডের বাসা থেকে রোকসানাকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান।

আদালতে জবানবন্দী দেওয়ার পর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার স্বামী এখনও গ্রেপ্তার হননি।

আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়ায় সাঈদের কর্মস্থল থাকার সময় জান্নাতীকে গৃহকর্মী হিসেবে রাখেন এই দম্পতি। এরপর চার বছর ধরে সে তাদের সঙ্গেই রয়েছে। তাকে খুব কমই বাড়ি যেতে দিত।

“মঙ্গলবার মধ্যরাতে জান্নাতীকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ গিয়ে লাশের সুরতহাল করে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।”

লাশের ময়না তদন্তকারী চিকিৎসক সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়নাতদন্তে জান্নাতীর শরীরে আঘাতের চিহ্ন ছিল। অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

এক পুলিশ কর্মকর্তা জানান, জান্নাতীকে নানা অজুহাতে মারধর করা হতো। মঙ্গলবার রাতে হাসপাতালে নেওয়ার আগেও সন্ধ্যায় রোকসানা তাকে খুন্তি দিয়ে পেটায়। এতে প্রায় দুই ঘণ্টা অজ্ঞান থাকার পর তাকে হাসপাতালে নেওয়া হয় বলে রোকসানা স্বীকার করেছেন।