সভায় অনুপস্থিত ঢাকা উত্তরের ১৪ কাউন্সিলরকে শোকজ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) টানা তিন সাধারণ সভায় অনুপস্থিত থাকায় ১৪ কাউন্সিলরকে কারণ দর্শাতে বলা হয়েছে।
সংরক্ষিত আসন ও বিভিন্ন ওয়ার্ডের এসব কাউন্সিলরদের কাছে বৃহস্পতিবার শোকজ নোটিস পাঠানো হয়েছে বলে ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকায় ১৪ কাউন্সিলরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদেরকে সাত কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
“তাদের ব্যাখ্যা পাওয়ার পর মেয়র মহোদয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ব্যাখ্যা না দিলেও তিনি সিদ্ধান্ত নেবেন।”
সম্প্রতি অভিযানের মধ্যে অবৈধ ক্যাসিনো ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুই সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর; কয়েকজন আছেন আত্মগোপনে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, ‘মেয়র অথবা কাউন্সিলর তাহার স্বীয় পদ হইতে অপসারণযোগ্য হইবেন, যদি তিনি যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে সিটি করপোরেশনের পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকেন।’
ডিএনসিসির কর্মকর্তারা জানান, ১৪ কাউন্সলরে চিঠির জবাব সন্তোষজনক না হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানাবে ডিএনসিসি। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।
মেয়র আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা যারা বৈঠকে অনুপস্থিত ছিলেন তাদের আমরা চিঠি পাঠিয়েছি। তাদের কাছ থেকে উত্তর পাওয়ার পরবর্তী ব্যবস্থা নিতে আমরা সেটি মন্ত্রণালয়কে জানিয়ে দেব।”
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান এবং ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতেও মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি।
মেয়র বলেন, “এদের ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এখন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে।”
কারণ দর্শানোর নোটিস পাওয়া কাউন্সিলররা হলেন- ডিএনসিসির বেগম মেহেরুন্নেসা হক, খালেদা বাহার বিউটি, আলেয়া সারোয়ার ডেইজি, ইলোরা পারভীন, কাজী জহিরুল ইসলাম মানিক, আবদুর রউফ, রজ্জব হোসেন, নাছির, শেখ মুজিবুর রহমান, শামীম হাসান, নুরুল ইসলাম রতন, শফিকুল ইসলাম, তৈমুর রেজা ও মোতালেব মিয়া।
