রেলচালকদের প্রশিক্ষণে এসেছে ‘লোকোমোটিভ সিমুলেটর’
ট্রেন চালকদের উন্নত প্রশিক্ষণ দিতে লোকোমোটিভ সিমুলেটর সংযোজন করেছে বাংলাদেশ রেলওয়ে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে স্থাপন করা আধুনিক এই যন্ত্রের মাধ্যমে চালকরা ঘরে বসেই বাস্তবের মতো চালনার প্রশিক্ষণ নিতে পারবে।
বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে এ সিমুলেটর উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলওয়ে জানিয়েছে, একটি প্রকল্পের আওতায় একটি মিটারগেজ, একটি ব্রডগেজ এবং একটি ইন্সট্রাক্টর কন্ট্রোল স্টেশনসহ এক সেট সিমুলেটর কেনা হয়েছে। স্পেনের ল্যান্ডার সিমুলেশন অ্যান্ড ট্রেইনিং সল্যুশন কোম্পানি এ সিমুলেটর সরবরাহ করেছে।
এতে চালকরা বাস্তবে ট্রেন চালানোর অভিজ্ঞতা পাবেন চালকরা।
রেলপথমন্ত্রী সুজন রেলওয়ের উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে বলেন, “আমরা সারাদেশের যাত্রী ও পণ্য পরিবহনে রেলের অংশ ৩০ থেকে ৪০ শতাংশে নিতে চাই।
“এরই ধারাবাহিকতায় নতুন নতুন রেলসেবা চালু হচ্ছে, রেললাইন হচ্ছে। রেলের ইঞ্জিন, কোচসহ সবকিছুই বাড়ছে। এখন আমাদের চালকের সংখ্যা বাড়ানো এবং তাদের প্রশিক্ষণ জরুরি। এজন্যই এই সিমুলেটর স্থাপন করা হয়েছে।”
অনুষ্ঠানে বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত আলভারো দি সালাস, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবুর রহমান, রেলওয়ের মহাসচিব মোহাম্মদ শামসুজ্জামান, ল্যান্ডার সিমুলেশন অ্যান্ড ট্রেইনিং সল্যুশন কোম্পানির প্রধান নির্বাহী হোসে মন্তেরো উপস্থিত ছিলেন।
