‘গুরুত্বপূর্ণ তথ্য’ পেয়ে আরমানকে ফের রিমান্ডে নিল র্যাব
যুবলীগ নেতা এনামুল হক আরমানকে মাদকের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে র্যাব।
আগের পাঁচ দিন জিজ্ঞাসাবাদে আরমানের কাছে ‘গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে’ জানিয়ে সোমবার তাকে পুনরায় ১০ দিনের হেফাজতে চেয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আবদুল হালিম।
র্যাবে এই এসআই রিমান্ড আবেদনে বলেন, “আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
“আসামি রাজনৈতিক পদ ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ঢাকা দক্ষিণ এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই করার জন্য তার উপস্থিতিতে আরও আভিযানিক কার্যক্রম পরিচালনা, বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহের বিভিন্ন তথ্য উদঘাটন, বিক্রয়ের সাথে কে কে জড়িত তাদের নাম-ঠিকানা সংগ্রহ, আসামি কার কাছ থেকে এবং কোথা থেকে এসব সংগ্রহ করেছেন এবং মাদক ব্যবসার টাকা কোথায় রেখেছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আসামিকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।”
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আরমানকে গত ৬ অক্টোবর কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব। তার সঙ্গে দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটও গ্রেপ্তার হন। দুজনকে তখন যুবলীগ সংগঠন থেকে বহিষ্কার করে।
গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় ছিলেন তারা।
সম্রাটের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুবলীগ নেতা আরমান দীর্ঘদিন ধরে ক্যাসিনোর কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি ঢাকাই সিনেমাতেও টাকা খাটাচ্ছিলেন।
গ্রেপ্তারের সময় আরমান ‘মদ্যপ’ থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
এর মধ্যে ঢাকার রমনা থাকায় আরমানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদা দুটি মামলা করে র্যাব। কুমিল্লার চৌদ্দগ্রাম থানায়ও আরমানের বিরুদ্ধে হয় মাদক আইনের একটি মামলা।
রমনা থানার মামলায়ই আরমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত ১৫ অক্টোবর প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার পর এবার দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি।
সোমবার আদালতে আরমানের রিমান্ড বাতিলে আবেদন করেন তার কৌঁসুলি সাইফুল ইসলাম সুমন।
তিনি বলেন, “মামলার ঘটনার তারিখ ৬ অক্টোবর। আর মামলা হয় ৭ অক্টোবর। ৬ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের সাজা দিয়ে কুমিল্লা জেলে পাঠান। মামলা যখন হল, তখন তো তিনি জেলে ছিলেন। আর তার বাসা থেকে কিছু উদ্ধার করা হয়নি।
“আর আরমান সহযোগী আসামি। তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখানে রিমান্ডের যৌক্তিকতা নেই। রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরমান। তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।”
