২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরমানের বাড়িতে তালা ভেঙে ঢুকল র‌্যাব

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা এনামুল হক আরমানের ঢাকার বাড়িতে কাউকে পায়নি র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2019, 09:25 PM

Updated : 08 Apr 2022, 04:49 PM

রোববার ভোরে কুমিল্লা থেকে আরমানকে গ্রেপ্তারের পরপরই তার স্ত্রী-সন্তানরা মিরপুরের বাড়ি থেকে চলে যায় বলে র‌্যাব জানতে পেরেছে।

ফলে দুপুরে যখন র‌্যাব সদস্যরা মিরপুর ২ নম্বর সেকশনের ওই বাড়িতে যান, তখন তা ছিল তালাবদ্ধ।

র‌্যাব-৪ এর কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরমানের বাসায় কাউকে পাওয়া যায়নি।

“আমরা জেনেছি, ভোরের দিকে দুই ছেলে এক মেয়েকে নিয়ে আরমানের স্ত্রী বাসায় তালা মেরে বের হয়ে গেছে। তালা ভেঙে আমাদের ঢুকতে হয়েছে।”

বাসায় কী পেয়েছেন- জানতে চাইলে এই র‌্যাব কর্মকর্তা বলেন, বিভিন্ন ব্যাংকের ১২টি চেকবই এবং আরমানের সই করা ২২টি খালি স্ট্যাম্প তারা জব্দ করেছেন।

আরমান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি।  ওই শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সঙ্গে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় ছিলেন তারা।

সম্রাটের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুবলীগ নেতা আরমান দীর্ঘদিন ধরে ক্যাসিনোর কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি ঢাকাই সিনেমাতেও টাকা খাটাচ্ছিলেন।

আরমানের প্রোডাকশন হাউস ‘দেশ বাংলা মাল্টিমিডিয়া’র ব্যানারে প্রথম সিনেমাটি মুক্তি পায় গত কোরবানির ঈদে। ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামের ওই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী।

গ্রেপ্তারের সময় আরমান ‘মদ্যপ’ থাকায় তাকে সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে র‌্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম জানান।

এদিকে গ্রেপ্তারের পর সম্রাট ও আরমান দুজনকেই যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।