২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: গাইবান্ধার পাঁচ আসামির রায় মঙ্গলবার

গাইবান্ধার পাঁচ আসামির বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে মঙ্গলবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2019, 12:49 PM

Updated : 10 Oct 2022, 09:30 PM

এ মামলার আসামিরা হলেন- মো. রঞ্জু মিয়া, আবদুল জব্বার মণ্ডল, তার ছেলে মো. জাছিজার রহমান খোকা, মো. আবদুল ওয়াহেদ মণ্ডল ও মো. মনতাজ আলী বেপারি ওরফে মমতাজ।

তাদের মধ্যে কেবল রঞ্জু মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন; বাকিরা পলাতক।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ, দেশেত্যাগে বাধ্য করা ও হত্যার মত মানবতাবিরোধী অপরাধের চারটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই আসামিদের বিরুদ্ধে।

বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার রায়ের এই তারিখ ঠিক করে দেয়।

এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল গত ২১ জুলাই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে এ মামলায় শুনানি করেন মোখলেসুর রহমান বাদল। কারাগারে থাকা একমাত্র আসামির পক্ষে এবং পলাতক আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন মোহাম্দ আবুল হাসান।

আসামিরা

এ মামলায় মোট আসামি ছিলেন ছয়জন। তাদের মধ্যে আজগর হোসেন খান মামলার তদন্ত চলাকালেই মারা যান।

২০১৮ সালের ১৭ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বাকি পাঁচ আসামির যুদ্ধাপরাধের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন বলছে, আসামিরা সবাই গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা ও চক গয়েশপুর গ্রামের বাসিন্দা। একাত্তরে তারা সবাই ছিলেন জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য।

মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনীর পক্ষ নিয়ে তারা রাজাকার বাহিনীতে নাম লেখান এবং ওই এলাকার বিভিন্ন গ্রামে যুদ্ধাপরাধ ঘটনা।

আসামিদের মধ্যে গ্রাম্য চিকিৎসক আব্দুল জব্বার মণ্ডলের বয়স এখন ৯০ বছর। স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই তিনি জামায়াতে ইসলামীতে সক্রিয় ছিলেন।

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করতে শান্তি কমিটি এবং রাজাকার বাহিনীতে যোগ দেন। পরে জেলা সদরের শাহপাড়া ইউনিয়নের রাজাকার বাহিনীর কমান্ডারের দায়িত্ব পান।

তার ছেলে জাছিজার রহমান ওরফে খোকার বসয় ৬৫ বছর। বাবার মত তিনিও জামায়াতে ইসলামীতে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী গাইবান্ধা জেলা সদরে যে নৃসংশতা চালায়, তাতে রাজাকার বাহিনীর নেতৃত্ব দেন তিনি।

Image
উপরে (বাম দিক থেকে) মো. আব্দুল জব্বার মণ্ডল, মো. জাছিজার রহমান ওরফে খোকা, মো. আব্দুল ওয়াহেদ মণ্ডল, নীচের সারিতে মো. মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজ, মো. আজগর হোসেন খান ও মো. রনজু মিয়া।

উপরে (বাম দিক থেকে) মো. আব্দুল জব্বার মণ্ডল, মো. জাছিজার রহমান ওরফে খোকা, মো. আব্দুল ওয়াহেদ মণ্ডল, নীচের সারিতে মো. মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজ, মো. আজগর হোসেন খান ও মো. রনজু মিয়া।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে দালাল আইনে গ্রেপ্তার হয়েছিলেন বাবা-ছেলে। কিন্তু তখন তাদের বিচার হয়নি। পঁচাত্তরে রাজনৈতিক পট পরিবর্তন হলে জাছিজার পুলিশে যোগ দেন, ২০১৪ সালে তিনি অবসর নেন।

প্রসিকিউশনের আবেদনে ২০১৬ সালের ২৯ মে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার আগেই সন্দেহভাজন আসামি হিসেবে ওই বছরের ১৭ ফেব্রুয়ারি মো. রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ওই বছরের ২৭ জুলাই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

২০১৭ সালের ৭ মার্চ তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রসিকিউশনে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন। তার আগেই ২০১৬ সলের ৩ ডিসেম্বর আসামি মো. আজগর হোসাইন খান মারা যান।

ফলে ২০১৭ সলের ৯ মার্চ প্রসিকিউশন আজগরকে বাদ দিয়ে বাকি ৫ আসামির বিরুদ্ধে ট্রাব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীর শুনানির পর গত বছরের ১৭ মে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

প্রথম অভিযোগ: অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটতরাজ, হত্যা, দেশত্যাগে বাধ্য করার মত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ৫ আসামির বিরুদ্ধে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ১৯৭১ সালের ১৪ জুন সকাল ১০টার দিকে আসামিরা হেলাল পার্ক আর্মি ক্যাম্প থেকে এসে গাইবান্ধা সদর থানার বিষ্ণুপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালায়।

তারা অম্বিকা চরণ সরকারের বাড়িতে ঢুকে তাকে বন্দি করে অমানবিক নির্যাতন চালায়। নির্যাতনের পর অম্বিকা চরণকে মৃত ভেবে ফেলে রেখে যাওয়ার সময় আসামিরা বাড়িতে লুটপাট চালায়।

আসামিরা সেদিন একই গ্রমের দ্বিজেন চন্দ্র সরকার ও আব্দুল মজিদ প্রধানকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতন করে এবং তাদের বাড়িতে লুটপাট চালায়। ওই গ্রামের ফুল কুমারী রানী ও তার ননদ সাধনা রানী সরকারকে (বর্তমনে মৃত) আটক করে জোর করে ধর্মান্তরিত করে আসামিরা।

এছাড়া আব্দুল মজিদ প্রধান ও দ্বিজেন চন্দ্র সরকারকে সেদিন ধরে গাইবান্ধা পাকিস্তানি আর্মি ক্যাম্পে নিয়ে হত্যা করা হয়। আসামিরা সাহাপাড়া ইউনিয়নের তিন থেকে চারশ হিন্দু লোকজনকে দেশত্যাগ করাতে বাধ্য করে।

দ্বিতীয় অভিযোগ: অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটতরাজ, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগ আনা হয়েছে জব্বার মণ্ডল, জাছিজার রহমান খোকা, আব্দুল ওয়াহাব মণ্ডল ও মনতাজ আলী বেপারী ওরফে মমতাজের বিরুদ্ধে।

অভিযোগপত্রে বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে আসামিরা ১৯৭১ সালের ১৮ অক্টোবর সকাল ৮টার দিকে গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামে হামলা চালায়।

তারা ওই গ্রামের আবু বক্কর, তারা আকন্দ, আনছার আলী এবং নছিম উদ্দিন আকন্দকে সারি বেঁধে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এছাড়া একই গ্রামের সামাদ মোল্লা, শাদা মিয়া, ফরস উদ্দিন ও সেকান্দার আলী মোল্লাকে বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়। ৪০ থেকে ৫০টি বাড়ির মালামাল লুট করারর পর সেগুলো পুড়িয়ে দেয় আসামিরা।

তৃতীয় অভিযোগ: অপহরণ, আটকে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়েছে জব্বার মণ্ডল, জাছিজার রহমান খোকা, আব্দুল ওয়াহাব মণ্ডল ও মনতাজ আলী বেপারী ওরফে মমতাজের বিরুদ্ধে।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা ২৫ জন সশস্ত্র রাজাকার ও ৩০ জন পাকিস্তানি সেনাকে নিয়ে জেলা সদরের সাহাপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে হামলা চালিয়ে লাল মিয়া বেপারী, আব্দুল বাকী এবং খলিলুল রহমান, দুলাল মিয়া, মহেশ চন্দ্র মণ্ডলকে হত্যা করে।

চতুর্থ অভিযোগ: অপহরণ, আটকে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়েছে পাঁচ আসামির বিরুদ্ধে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ১৯৭১ সালের ১৮ অক্টোবর আসামিরা জেলা সদরের সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা, মিরপুর, সাহারবাজার, কাশদহ, বিসিক শিল্প নগরী, ভবানীপুর ও চকগায়েশপুর গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে নিরস্ত্র মুক্তিযোদ্ধা ওমর ফারুক, ইসলাম উদ্দিন এবং নবীর হোসেনসহ মোট সাতজনকে গুলি করে হত্যা করে।