গোপীবাগে যুবলীগ নেতার বিরুদ্ধে কেবল ব্যবসা দখলের অভিযোগ
ঢাকার গোপীবাগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে কেবল সংযোগের ব্যবসা দখলে নেওয়ার অভিযোগ উঠেছে।
ফারজানা জাহান জুঁই নামের এক গৃহবধূ শনিবার ডিআরইউয়ে সংবাদ সম্মেলন করে ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ ফয়সল জনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জন বলছেন, তিনি কারও ব্যবসা দখল করেননি, বৈধ লাইসেন্স নিয়ে এই ব্যবসা করছেন। এখন সময় বুঝে তাকে ফাঁসানোর জন্য এই অভিযোগ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে নিজেকে ‘লুক মিডিয়া নেটওয়ার্ক’ নামের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচয় দিয়ে ওই নারী বলেন, তার স্বামী মো. হারুন ১৫-১৬ বছর ধরে এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কেবল সংযোগ সেবা দিয়ে আসছিলেন। ‘লুক মিডিয়া নেটওয়ার্ক’-এর বিটিভির লাইসেন্স ছিল।
“কিন্তু এলাকার মাদক ব্যবসার মূল হোতা ফুয়াদ ফয়সল জন, যিনি গোপীবাগ ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। সে তার সহযোগীদের নিয়ে কেবল সংযোগের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে চায়। ৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় জন ও তার সহযোগীরা লুক মিডিয়া নেটওয়ার্ক দখল এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে।”
চাঁদা দিতে অস্বীকার করায় এই যুবলীগ নেতা অনুসারীদের নিয়ে তার কলেজপড়ুয়া মেয়ের উপর হামলা চালিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
ওই গৃহবধূ বলেন, জন ও তার সহযোগীদের ভয়ে গোপীবাগ এলাকা ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন তারা। এ বিষয়ে মতিঝিল ও ওয়ারি থানায় জিডি করার পরেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।
তার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফুয়াদ ফয়সাল জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘জিটিএস নেটওয়ার্ক’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে তিনিও ২০০৮ সাল থেকে এলাকায় কেবল সংযোগ দিচ্ছেন। তখন এলাকায় ‘লুক মিডিয়া নেটওয়ার্ক’ নামে আরেকটি প্রতিষ্ঠান চালু ছিল। প্রত্যেকের আলাদা গ্রাহক ছিল এবং গ্রাহকরা নিজেদের পছন্দমতো কেবল সংযোগ নিতেন।
“কিন্তু ২০১৪ সালে তথ্য গোপনের অভিযোগে লুক মিডিয়া নেটওয়ার্কের লাইসেন্স স্থগিত করে সিগনাল বন্ধ করে দেয় বিটিভি। তখন গ্রাহকরা আমার জিটিএস কেবল নেটওয়ার্ক ব্যবহার শুরু করে। এরপরে ২০১৮ সালে লুক মিডিয়া নেটওয়ার্কের লাইসেন্স পুনরায় নবায়ন করা হয়। কিন্তু এলাকাবাসী আমাদের সংযোগ ব্যবহার চালু রেখেছে।
“গ্রাহক যদি লুক মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করতে রাজি না হয় সেটা সম্পূর্ণ গ্রাহদের বিষয়। এটা আমার বিষয় নয়, এখানে আমার দখলের প্রশ্নই আসে না।”
জুঁইয়ের পরিবারের উপর হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে এই যুবলীগ নেতা বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনারা চাইলে সরেজমিনে তদন্ত করে দেখতে পারেন।”
কেবল সংযোগ নিয়ে জুঁইয়ের পরিবার আদালতের দ্বারস্থ হয়েছিল এবং আদালতের নির্দেশে ওয়ারি থানা তদন্ত করে প্রতিবেদন দিয়েছে বলেও জানান জন।
“ওই প্রতিবেদন তাদের পক্ষে যায়নি। এখন যেহেতু যুবলীগের অনেক নেতার অপকর্ম সামনে এসেছে, সেই সুযোগে আমাকে ফাঁসাতে তারা এই অভিযোগ করছে,” বলেন তিনি।
