শেখ হাসিনার আলিঙ্গনে উচ্ছ্বসিত প্রিয়াংকা গান্ধী
শেখ হাসিনাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হলেন প্রিয়াংকা গান্ধী; আবেগাপ্লুত বঙ্গবন্ধুকন্যাও আলিঙ্গনে আবদ্ধ করলেন ইন্দিরা গান্ধীর নাতনিকে।
শেখ হাসিনার এবারের ভারত সফরের শেষ দিন রোববার নয়া দিল্লিতে তার সঙ্গে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ ঘটে।
হোটেল তাজমহলে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসার সময় মেয়ে প্রিয়াংকা ও কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সঙ্গে এনেছিলেন সোনিয়া।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “সাক্ষাতে তারা অতীতের স্মৃতি রোমন্থন করেছেন।”
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা এই সাক্ষাৎ অনুষ্ঠানের একটি ছবি টুইটারে দিয়েছেন, যাতে তাকে শেখ হাসিনার আলিঙ্গনে আবদ্ধ দেখা যায়।
শেখ হাসিনার দেখা পাওয়া নিয়ে টুইটে নিজের উচ্ছ্বাসের প্রকাশ ঘটিয়েছেন প্রিয়াংকা।
তিনি লিখেছেন, “শেখ হাসিনাজীর এই আলিঙ্গন আমার পাওনা ছিল, এর জন্য জন্য আমি দীর্ঘদিন তার সাক্ষাতের অপেক্ষায় ছিলাম।”
শেখ হাসিনার সংগ্রামমুখর জীবন থেকে নিজের প্রেরণা পাওয়ার কথাও লিখেছেন ইন্দিরা গান্ধীর নাতনি।
তিনি বলেছেন, সব হারানোর বেদনাকে পেছনে ফেলে শেখ হাসিনা যে শক্তি নিয়ে সাহসের সঙ্গে লড়াই করে উঠে এসেছেন, তা তার জীবনেও অনুপ্রেরণা জোগায়।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট ট্রাজেডিতে পরিবারের সবাইকে হারানোর পর নির্বাসিত জীবনে শেখ হাসিনার অন্যতম আশ্রয় ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যা বঙ্গবন্ধুকন্যা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। হৃদতাপূর্ণ সেই সম্পর্ক দুই পরিবারকেও জড়িয়েছিল।
ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর তার ছেলে রাজীব গান্ধী হাল ধরেন কংগ্রেসের, ভারতের প্রধানমন্ত্রীও হন।
রাজীব গান্ধী নিহত হওয়ার পর তার স্ত্রী সোনিয়া গান্ধী আসেন কংগ্রেসের নেতৃত্বে। রাজীব-সোনিয়ার ছেলে রাহুল গান্ধীর পর এবার নির্বাচনের আগে প্রিয়াংকাও আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রেখেছেন।
প্রেস সচিব ইহসানুল করিম জানান, রাজনীতিতে পদার্পণ করায় রাজীব-সোনিয়াকন্যা প্রিয়াংকাকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।
চার দিনের নয়া দিল্লি সফরে শেষে রোববার রাতেই ঢাকায় ফিরেছেন শেখ হাসিনা। তার এই সফরে ভারতের সঙ্গে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এই সফরে ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
