হুজি নেতা আতিকুল্লাহ রিমান্ডে
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা আতিকুল্লাহ ওরফে আসাদুল্লাহ ওরফে জুলফিকারসহ তিনজনকে চারদিন পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
আতিকুল্লাহর সঙ্গে রিমান্ডে পাঠানো হয়েছে বোরহান উদ্দিন রাব্বানী ও মোহাম্মদ নাজিম উদ্দিন ওরফে শামীমকে।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মো. জাফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার বিকালে খিলক্ষেতের নিকুঞ্জ-২ আবাসিক এলাকার বড় মসজিদ সংলগ্ন মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
আতিকুল্লাহ এক সময় আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং সম্প্রতি দেশে ফিরে হুজিকে নতুন করে সংগঠিত করছিলেন বলে পুলিশের ভাষ্য।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. কামরুজ্জামান বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
