২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ওপর চীনের ‘চাপ’ অব্যাহত রাখতে পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন যাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখে সে লক্ষ্যে পদক্ষেপ নিতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2019, 06:12 PM

Updated : 18 Aug 2022, 05:52 PM

চীনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বৃহস্পতিবার বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাকে এ পরামর্শ দেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রিপতি বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন খাতে উন্নয়ন অংশীদারিত্বও অত্যন্ত চমৎকার।

“রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহযোগিতা অব্যাহত রাখতে এবং মিয়ানমারের ওপর চীনের চাপ প্রয়োগ অব্যাহত রাখতে রাষ্ট্রদূতকে সার্বিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।”

রাষ্ট্রপতি দুই দেশের বিরাজমান সম্পর্ক আরও সম্প্রসারিত করতে কাজ করার নির্দেশনা দেন বলে জানান প্রেস সচিব।

নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।