২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের সেই জজের যোগ্যতা নিয়েও প্রশ্ন হাই কোর্টের

হত্যা মামলার প্রধান আসামিকে অব্যাহতি দিয়ে অভিযোগ গঠন করায় নড়াইলের (সাবেক) জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদের বিচারিক ক্ষমতা কমিয়ে দেওয়ার পাশাপাশি তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2019, 11:35 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

উচ্চ আদালত বলেছে, পেশাগত অবস্থান বিবেচনায় নিয়ে অভিযোগ গঠন পর্যায়ে বিচারক শেখ আব্দুল আহাদ মারাত্মক ভুল করেছেন, যা ন্যায়বিচারের পরিপন্থি।

কলেজ ছাত্র এনামুল হত্যা মামলায় অভিযোগ গঠন সংক্রান্ত এক মামলার রায়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ থেকে এ অভিমত এসেছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাই কোর্টের এ রায়ে বলা হয়েছে, নড়াইলের দায়রা জজ আসামির আবেদনে নিষ্পত্তির সময় মামলার এজাহার, অভিযোগপত্র, সাক্ষীদের জবানবন্দি, সুরতহাল ও ময়না তদন্ত প্রতিবেদন অর্থাৎ মামলার নথি ও প্রয়োজনীয় কাগজাদি আদৌ বিবেচনায় নেননি।

“শুধু আসামিপক্ষের বক্তব্য ও আসামির পেশাগত অবস্থান বিবেচনায় নিয়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি শুধু বিস্ময়করই মনে হয়নি, বরং দায়রা জজের মামলা পরিচালনার যোগ্যতা, ফৌজদারি আইন সম্পর্কে তার জ্ঞান ও ধারণা সম্পর্কে যুক্তিসংগতভাবেই সন্দেহের সৃষ্টি করেছে। এটা মেনে নেওয়া খুবই কষ্টকর।”

হাই কোর্ট বলেছে, অভিযোগ গঠন পর্যায়ে আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া কোনোভাবেই আইনসঙ্গত নয়। তা প্রচলিত আইন ও নীতিরও সুস্পষ্ট লঙ্ঘন।

নড়াইলের কালিয়ার চন্ডিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি এনামুলকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।  

এ ঘটনায় মল্লিক মাঝহারুল ইসলাম ওরফে মাঝাকে প্রধান আসমি করে ৬৮ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই নাজমুল হুদা কালিয়া থানায় মামলা করেন।

এ মামলায় গত বছরের ২৯ নভেম্বর বিচারিক আদালত থেকে জামিন নেন মল্লিক মাঝহারুল ইসলাম।

পরে চলতি বছরের ১০ জুন এ মামলায় নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আহাদ মামলার প্রধান আসামি মাঝহারুল ইসলামকে অব্যাহতি দিয়ে অভিযোগ গঠন করেন।

অভিযোগ থেকে প্রধান আসামির অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ করে গত ৭ জুলাই হাই কোর্টে আবেদন করেন বাদী নাজমুল হুদা।

সে আবেদনে হাই কোর্ট নড়াইলের বিচারকের বিচারিক এখতিয়ার নিয়ে রুল জারির পাশাপাশি মামলার প্রধান আসামি মল্লিক মাঝহারুল ইসলামকে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

প্রধান আসামিকে বাদ দিয়ে অভিযোগ গঠন করায় নড়াইলের জেলা ও দায়রা জজের বিচারিক ক্ষমতা কেন প্রত্যহার করা হবে না, রুল জারি করে বিচারক শেখ আব্দুল আহাদের কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয়।

ওই আদেশের পর আসামি মাঝহারুল ইসলাম গত ২২ জুলাই নড়াইল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকে জামিন দেয়।

এদিকে হাই কোর্টে রুল শুনানির সময় মামলার প্রধান আসামি মল্লিক মাঝহারুল ইসলামের জামিনের বিষয়টি হাই কোর্টের নজরে আসলে এই জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি হাই কোর্ট।

গত ২৯ আগস্ট এই তিনটি রুল নিশ্পত্তি করেই হাই কোর্ট রায় দেয়।

রায়ে বিচারক শেখ আব্দুল আহাদকে এক বছর ফৌজদারি মামলার বিচার কাজ পরিচালনা থেকে বিরত রাখার অভিমত দেয় হাই কোর্ট। সেই সঙ্গে এনামুল শেখ হত্যা মামলার প্রধান আসামিকে দেওয়া অব্যাহতির আদেশও বাতিল করা হয়।

সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়টিই প্রকাশ করা হয়; যেখানে বিচারক শেখ আব্দুল আহাদের বিষয়ে অভিমত উঠে এসেছে।

হাই কোর্ট রায়ে বলেছে, “এই আদালত (হাই কোর্ট) থেকে কারণ দর্শানোর পরিপ্রেক্ষিতে নড়াইলের (সাবেক) দায়রা জজ শেখ আবদুল আহাদ লিখিতভাবে একটি জবাব দিয়েছেন। যেখানে তিনি ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চান। কিন্তু আমাদের মনে হয়েছে, বিজ্ঞ বিচারক যে আইনগত ভুল করেছেন, তার জন্য আত্ম-উপলব্ধি বা অনুশোচনা থেকে ক্ষমা চাননি। বরং মনে হয়েছে, হাই কোর্ট যে ভুল ধরেছে, সে কারণেই তিনি ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করেছেন।”

হাই কোর্টের এ রায়ের পর গত ১৭ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় নড়াইলের জেলা ও দায়রা জজ শেখ আহাদকে খুলনার প্রশাসনিক ট্রাইব্যুনালে বদলি করেছে।

পুরনো খবর:

নড়াইলের জজের ক্ষমতা কমিয়ে দিল হাই কোর্ট