২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি জটিলতায় আটকে আছে মাদকের মামলাগুলোর বিচার

আইনি জটিলতায় প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাগুলোর বিচারকাজ। ফলে হাজার হাজার মাদক মামলার জট তৈরি হয়েছে বিচারিক আদালতগুলোতে। আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন কারাবন্দি আসামিরাও।

নিজস্ব প্রতিবেদক

পিয়াস তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2019, 12:03 AM

Updated : 18 Aug 2022, 05:51 PM

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের পর সরকার সেই আইন অনুযায়ী ট্রাইব্যুনাল স্থাপন না করায় উচ্চ আদালতের এক আদেশের পর থেকে এই অবস্থা চলছে।

১৯৯০ সালে করা ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ গত বছরের ডিসেম্বরে সংশোধন করা হয়।

সংশোধিত আইনের ৪৪(১) ধারায় বলা হয়েছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রয়োজনীয় সংখ্যক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপন করতে পারবে।

(৪) উপ-ধারায় বলা হয়েছে, এই ধারার অধীন ট্রাইব্যুনাল স্থাপিত না হওয়া পর্যন্ত সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সংশ্লিষ্ট জেলার যে কোনো অতিরিক্ত জেলা জজ বা দায়রা জজকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনালের দায়িত্ব প্রদান করতে পারবে।

কিন্তু সরকার এ পর্যন্ত কোনো ট্রাইব্যুনাল স্থাপন করেনি। অতিরিক্ত ট্রাইব্যুনালের দায়িত্বও দেওয়া হয়নি কোনো আদালতকে। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার বিচারে এখন কার্যত কোনো আদালত দেখছেন না সংশ্লিষ্টরা।

আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, তারা ‘শিগগিরই’ এই জটিলতার অবসান ঘটাবেন।

সুপ্রিম কোর্টের সর্বশেষ তথ্য অনুযায়ী (৩০ জুন পরর্যন্ত) সারা দেশে মাদকের বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১ লাখ ৭০ হাজার ২৪২টি। এর মধ্যে ৩১ হাজার ১৫৩টি পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন।

গত তিন মাস মাদক মামলার বিচারকাজ পুরোপুরি বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই এ জট আরও বেড়েছে।

ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার মাসুদুল হক মাসুদ নামে একজনের জামিন আবেদন থেকে এই জটিলতার সূত্রপাত।

গত বছর ২৭ ডিসেম্বর মাসুদকে ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বংশাল থানায় করা মামলায় গত ২২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এরপরই নিম্ন আদালতে জামিন চান আসামি। কিন্তু ওই আদালত জামিনের আবেদন খারিজ করে।

এই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন মাসুদ। ওই জামিন আবেদনের শুনানির সময় নথি পর্যালোচনা করে হাই কোর্ট দেখতে পায়, ঢাকা মহানগর দায়রা জজ আদালত মাদক মামলাটি আমলে নিয়ে তা বিচারের জন্য ঢাকা মহানগর তৃতীয় যুগ্ম দায়রা জজ আদালতে পাঠিয়েছে।

যেহেতু সংশোধিত ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন’র ৪৪(১) ধারা অনুযায়ী সরকার কোনো ট্রাইব্যুনাল স্থাপন করেনি এবং (৪) উপধারা অনুযায়ী অতিরিক্ত জেলা জজ বা দায়রা জজকে দায়িত্বের অতিরিক্ত এ ট্রাইব্যুনালের দায়িত্ব দেয়নি, তাই আইনের ব্যত্যয় ঘটিয়ে মামলাটি বিচারের জন্য তৃতীয় মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে বলে উচ্চ আদালতকে জানান আসামির পক্ষের আইনজীবী আল ফয়সাল সিদ্দিকী।

এরপর গত ৮ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলে।

নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুসারে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপন হয়েছে কি না, ট্রাইব্যুনাল স্থাপন না হলে এসংক্রান্ত অপরাধের বিচারের জন্য জেলা জজ বা দায়রা জজকে দায়িত্ব দেওয়ার গেজেট হয়েছে কি না, দুই সচিবের কাছে তা জানতে চাওয়া হয়।

এছাড়া হাই কোর্ট ওই দুই বিচারককে কারণ দর্শাতে বলে। ঢাকা মহানগর দায়রা জজ কোন কর্তৃত্ববলে ওই মামলায় অভিযোগ আমলে নিয়েছে এবং বিচারের জন্য যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৩-এ পাঠিয়েছেন, তা তাকে ২৪ জুলাইয়ের মধ্যে জানাতে বলা হয়।

আর যুগ্ম মহানগর দায়রা জজ-৩ কোন কর্তৃত্ববলে মামলাটির বিচার করছেন, তা এই সময়ের মধ্যে জানাতে বলা হয়।

হাই কোর্টের ওই আদেশের পর থেকে মাদক মামলাগুলোর বিচারকাজ স্থগিত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের আদেশের পর জজ আদালতগুলো এ মামলাগুলো নিতে চাচ্ছে না। চার্জশিট হয়ে গেলে ট্রাইব্যুনাল না হলে তো কোনো কোর্টে এ মামলা দেওয়ার কোনো সুযোগই নাই। এই হলো সমস্যা।”

এই আইনজীবী জানান, গত ৮ জুলাই হাই কোর্টের আদেশের পর থেকে মাদকের মামলাগুলো আদালতের জিআর (নিবন্ধন) শাখায় জমা হচ্ছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে বলেন, “আইন সংশোধন হওয়ার পর গত বছর গেজেট হওয়ার আগের মামলাগুলোর বিচার চলছে। গেজেট হওয়ার পরে যে মামলাগুলো আসছে, তার কোনোটা চার্জশিট পাঠানো হয়েছে বিচারের জন্য, সেগুলো হচ্ছে না। অর্থাৎ ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত এ মামলাগুলো বিচারকাজ হচ্ছে না না আরকি।”

আদালত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৮ জুলাই উচ্চ আদালতের আদেশের পর ১০ জুলাই থেকে একই আইনে অভিযোগপত্র হয়ে বিচারের জন্য আসা কোনো মাদক মামলার নথিও মহানগর দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ আদালতের নেজারত শাখা গ্রহণ করছে না।

ঢাকা মহানগরীর ৫০টি এবং ঢাকা জেলার সাতটি আদালতের জিআর (নিবন্ধন) শাখায় ৫ হাজারের বেশি মাদক মামলা জমেছে বলে জানান দুই প্রসিকিউটর।

৮ জুলাইয়ের পর গত ২৫ জুলাই মামলাটি হাই কোর্টের ওই বেঞ্চে উঠেছিল।

তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে বলেছিলেন, “প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই মাদক মামলার বিচারের জন্য সরকারের উচিৎ মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপনে দ্রুত প্রয়োজনীয় গেজেট জারি করা।”

আগামী ১৩ অক্টোবর তারিখ রেখে বিচারক সেদিন বলেছিলেন,, “আশা করছি ১৩ অক্টোবরের মধ্যে এ সংক্রান্ত গেজেট জারি হবে। আমরা সেই সুখবরের প্রত্যাশায় রইলাম।’

তখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেছিলেন, “এ বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, ভেটিং করে বিষয়টি ঠিক করা হবে।”

তখন আদালতের জ্যেষ্ঠ বিচারক বলেছিলেন, “সরকার ইচ্ছে করলে এক ঘণ্টার মধ্যে গেজেট জারি করতে পারে।”

Image
আনিসুল হক (ফাইল ছবি)

আনিসুল হক (ফাইল ছবি)

তার দুই মাসেও তাতে কোনো অগ্রগতি দেখা না দেওয়ার প্রেক্ষাপটে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেখেন কাজ প্রায় শেষ।

“মাদক প্রতিরোধ আইন আইনটা যেখানে যেখানে সংশোধন করার দরকার, সেইসব প্রস্তাব প্রায় তৈরি করে ফেলেছি। আমার মনে হয় খুব তাড়াতাড়িই আমরা এটা করব।”

এক প্রশ্নে তিনি বলেন, “যদি প্রয়োজন হয়, আমি সুপারিশ করব, কারণ অনেক মামলা এই কারণে আটকে আছে। মাননীয় প্রধানমন্ত্রী ফিরলে (প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে) উনার সাথে আলাপ করে সুপারিশ করব, যেন এটা অর্ডিন্যান্স হিসেবে পাস করা হয়।”

এদিকে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ আরেক আদেশে মাদকের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সময় বেঁধে দিয়েছিল।

মাদক আইনের যেসব মামলায় আদালত অভিযোগপত্র আমলে নিয়েছে, তা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত।   

হাই কোর্ট এটাও বলেছিল, এই সময়ের মধ্যে মামলা নিষ্পত্তিতে ব্যর্থ হলে নিম্ন আদালত তদারক সংক্রান্ত সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কমিটির কাছে বিচারককে ব্যাখ্যা দিতে হবে।

এছাড়াও সাক্ষী হাজির ও সাক্ষ্য গ্রহণের তদন্ত কর্মকর্তাকে তৎপর থাকার নির্দেশ দিয়ে আদালত আদেশে আরও বলেছিল, এক্ষেত্রে তার শিথিলতা থাকলে বিচারক তা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট পুলিশ সুপারকে জানাবেন।

মামলা নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা পিপির গাফিলতি থাকলে বিচারককে তাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছিল।

এদিকে সংশোধিত আইনের ‘বিচার সমাপ্তির মেয়াদ’ সংক্রান্ত ৫১ ধারায় বলা হয়েছে, (১) ট্রাইব্যুনালে কোনো মামলা ম্যাজিস্ট্রেট আদালত হইতে বিচারের জন্য প্রাপ্তির তারিখ হইতে ৯০ (নব্বই) কার্যদিবসের মধ্যে বিচার কার্য সমাপ্ত করিতে হইবে।

(২) কোনো অনিবার্য কারণে উক্ত মেয়াদের মধ্যে কোনো বিচার সমাপ্ত করা সম্ভব না হইলে, ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করিয়া অতিরিক্ত ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে বিচার সমাপ্ত করিতে পারিবে এবং তৎসম্পর্কে সুপ্রিম কোর্টকে লিখিতভাবে অবহিত করিবে, যাহার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিতে হইবে ৷

(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত বর্ধিত সময়ের মধ্যেও যদি যুক্তিসঙ্গত কোনো কারণে কোনো বিচার কার্য সমাপ্ত করা সম্ভব না হয়, তাহা হইলে ট্রাইব্যুনাল উহার কারণ লিপিবদ্ধ করিয়া বিচার কার্য সমাপ্তির জন্য সর্বশেষ আরও ১৫ (পনেরো) কার্যদিবস সময় বর্ধিত করিতে পারিবে এবং এইরূপ সময় বর্ধিতকরণ সম্পর্কে সুপ্রিম কোর্টকে লিখিতভাবে অবহিত করিবে, যাহার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিতে হইবে।

(৪) উপ-ধারা (৩) এর অধীন বর্ধিত সময়ের মধ্যে আবশ্যিকভাবে বিচার কার্য সমাপ্ত করিতে হইবে।