২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের ভিসিকে অপসারণের সুপারিশ ইউজিসির

তদন্তে দোষ পেয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির তদন্ত কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2019, 07:11 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

আলোচিত এই উপাচার্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিকস্খলনের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছিল। গোপালগঞ্জে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলে প্রতিবেদন জমা দিয়েছেন তারা।

রোববার ওই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মো. কাজী শহীদুল্লাহ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কাছে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এ প্রতিবেদন আমি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এ প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো ও বাস্তবায়নের বিষয়টি মন্ত্রণালয় করবে।”

তদন্ত কমিটি সকালেই ইউজিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসির জনসংযোগ বিভাগের পরিচালক শামসুল আরেফিন জানিয়েছেন।

ওই প্রতিবেদনে উপাচার্যকে অপসারণের সুপারিশ করা হয়েছে বলে ইউজিসির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন।

ছাত্রকল্যাণের টাকা ‘ইচ্ছেমতো’ খরচ করেন গোপালগঞ্জের ভিসি  

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউজিসির প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অবস্থা, সেখানে উপাচার্যের কী ভূমিকা, দায় কার- তা রয়েছে প্রতিবেদনে। বিভিন্ন অনিয়ম-অভিযোগসহ সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বর্তমান ভিসির পরিস্থিতি সামাল দেওয়া আর সম্ভব হবে না বলে মনে করে কমিটি।”

Image
উপাচার্য নাসিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

উপাচার্য নাসিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এক ফেইসবুক পোস্টের জন্য গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে সময়িক বহিষ্কার করার পর উপাচার্য নাসিরের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে জিনিয়া ও উপাচার্যের কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়, যেখানে ওই ছাত্রীকে বকাঝকা ও হুমকি-ধমকি দিতে শোনা যায় উপাচার্যকে। মেয়েটির বাবাকে নিয়েও তীর্যক মন্তব্য করেন তিনি।

এরপর আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা, বিক্ষোভের মুখে ১৮ সেপ্টেম্বর জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৪টি বিষয়ে আশ্বাস দেওয়া হয়, যার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের বাক্‌স্বাধীনতার নিশ্চয়তা, ক্ষমার অযোগ্য অপরাধ ছাড়া বহিষ্কার না করা, অভিভাবকদের ডেকে এনে অপমান না করা এবং ফেইসবুক পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে না বলে বলা হয়।

তবে এতে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনসহ আন্দোলন অব্যাহত রাখেন। এ আন্দোলন ঠেকাতে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন উপাচার্য। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে বহিরাগত একদল হামলা চালায় শিক্ষার্থীদের উপর।

ওই হামলার জন্য উপাচার্যকে দায়ী করে পদত্যাগ করেন তিনজন সহকারী প্রক্টর। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনও চলছিল।

Image
উপাচার্য বহিরাগতদের দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। হামলায় আহত হন অন্তত ২০ শিক্ষার্থী।

উপাচার্য বহিরাগতদের দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। হামলায় আহত হন অন্তত ২০ শিক্ষার্থী।

এই পরিস্থিতিতে ঘটনা তদন্তে ২৩ সেপ্টেম্বর ইউজিসিকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর ইউজিসি সদস্য মো. আলমগীরকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটির অন্যরা হলেন- ইউজিসির সদস্য সাজ্জাদ হোসেন ও দিল আফরোজ বেগম, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক কামাল হোসেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মৌলি আজাদ।

কমিটি নির্ধারিত সময়ের আগেই তদন্ত প্রতিবেদন দাখিল করেছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেদিন শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি পরদিনই তদন্ত কমিটি গঠন করে তাদের গোপালগঞ্জে পাঠিয়ে দিই। আমরা যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করাতে পেরেছি। আমরা আমাদের পজিশন সরকারকে জানিয়ে দিয়েছি। এখন বাকি কাজ উনারা করবে। পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।

“অ্যাকশনে যাবে কি যাবে না, তা মন্ত্রণালয়ের ব্যাপার। আমাদের রিকমেন্ড করলেই যে মন্ত্রণালয়ের মানতে হবে, করতে হবে তা তো না। আমি তদন্ত করে পাঠিয়ে দিয়েছি।”

অল্প সময়ে শিক্ষার পরিবেশ ফিরবে: গোপালগঞ্জে তদন্ত দল  

তদন্ত দলের সদস্যরা হামলায় আহত শিক্ষার্থী, সাধারণ ছাত্র, শিক্ষক, কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং লিখিত নেন। উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের সঙ্গেও কথা বলেন তারা।

বৃহস্পতিবার তদন্ত শেষে দলের প্রধান মো. আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, “আমরা আশা করি এমন একটি সিদ্ধান্ত হবে, যাতে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্র. শিক্ষক, কর্মকর্তাদের মধ্যে একটি সুন্দর অবস্থা বিরাজ করবে। এ বিশ্বদ্যিালয়টি আবার অল্প সময়ের মধ্যে শিক্ষা ও গবেষণার দ্বারে ফিরে আসতে পরে।”

পুরনো খবর:

অল্প সময়ে শিক্ষার পরিবেশ ফিরবে: গোপালগঞ্জে তদন্ত দল