২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গান-কবিতায় শেখ হাসিনার জন্মদিন উদযাপন

গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন করেছে ‘পোয়েট্রি এসোসিয়েশন অব বাংলাদেশ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2019, 12:22 AM

Updated : 08 Apr 2022, 04:47 PM

শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘শান্তি ও সম্প্রীতির কবিতা’ শীর্ষক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিবেদন করে কবিতা আবৃত্তি করেন এসোসিয়েশনের সদস্য পারভেজ চৌধুরী, জোয়ানা ইসলাম, শ্যাম সুন্দর সিনহা, জহুরা রুবি ও আনিস আহমেদ। গান গেয়ে শোনান পারভেজ দুলাল ও সানাম সুমি।

অনুষ্ঠানের উদ্বোধন করে বিচারপতি মানিক বলেন, “অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু যেমন এই দেশ স্বাধীন করেছেন এটা সত্য, ঠিক তেমনি শেখ হাসিনা ক্ষমতায় না আসলে এই দেশ ধর্মান্ধ পাকিস্তান থেকে যেত।”

তিনি বলেন, “১৯৮১ সালে প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে দেশে ফেরেন যে, যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চায় তাদেরকে সমূলে উচ্ছেদ না করা পর্যন্ত থামা যাবে না এবং তিনি সেই উদ্দেশ্য একশ ভাগ সমুন্নত রেখেছেন।”

বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি কবি মুহাম্মদ নুরুল হুদা বলেন, “শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে যে পর্যায়ে এসেছেন, সাধারণত এই ভূমিকায় যারা থাকেন তারা ক্ষমতার স্বাদ পেতে পেতে যারা পুরুষ তারা বাঘ হয়ে উঠে, যারা নারী তারা বাঘিনী হয়ে উঠে এবং শেষ পর্যন্ত তারা কোন ধরনের ভবিষ্যতের দিকে যায়, এটা তারা নিজেরাও জানে না। আমরা বিশ্বের ইতিহাসে তা দেখতে পাই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এই মুহূর্তে স্মরণকালের সবচেয়ে বেশি।”

তিনি বলেন, “শেখ হাসিনা বাংলাদেশকে সত্যিকারের বাংলাদেশ গড়ার চূড়ান্ত পর্বে হাত দিয়েছেন। কেউ কেউ মনে করছেন, সেই হাত দিতে গিয়ে তার (শেখ হাসিনার) হাত পুড়বে কি না? তবে তার নিজের হাত পুড়বে কি না এ চিন্তা তিনি করছেন না।”

পোয়েট্রি এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবি সৌমিত্র দেবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএসএমএমইউয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব, সৈয়দ মুহসিন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সানজিদা শারমিন বক্তব্য রাখেন।